এখনও প্রায় এক মানুষ সমান জল, ভূতনীর বন্যা পরিস্থিতিতে ডুবে মৃত্যু শিশু-সহ ৩ জনের
আজ তক | ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালদার ভূতনিতে ক্রমেই খারাপ হচ্ছে পরিস্থিতি। শনিবার বিকেলে জমা জলে ডুবে মৃত্যু হল আরও এক শিশুর। এই নিয়ে ভূতনিতে জলে ডুবে মৃত্যু হল মোট ৩ জনের। মৃত শিশুর নাম সামিউর রহমান (৫)। ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সামিরুদ্দিনটোলার এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারের সদস্যদের নজর এড়িয়ে কোনওভাবে ছাদ থেকে নিচে নেমে বাড়ির সামনের জমা জলে পড়ে যায়। কিছুক্ষণ পর তার খোঁজ শুরু হতেই, জলে একপাটি চটি ভেসে থাকতে দেখে সন্দেহ হয় পরিবারের। তড়িঘড়ি জলে ডুব দিয়ে উদ্ধার করা হয় শিশুটিকে। এরপর খবর দেওয়া হয় সিভিল ডিফেন্স কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা সামিউর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।
বন্যার পরিস্থিতির মধ্যেই পাঁচ বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ সামিরুদ্দিনটোলা। পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের দাবি, "বন্যার জলে ঘরবাড়ি ও চারপাশ ডুবে থাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।"
উল্লেখ্য এর আগে গত শুক্রবার জমা জলে ডুবে এই উত্তর চণ্ডীপুরেরই নাজিরুদ্দিন টোলা গ্রামে মৃত্যু হয় অনিকুল হক (১৭) নামে এক কিশোরের। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা একটি গর্তের মধ্যে পড়ে যায় অনিকুল। বন্যার জলে এলাকা প্লাবিত থাকায় গর্তটি বোঝা সম্ভব হয়নি। সেই সময় আশপাশে কেউ না থাকায় দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বন্যার জলে ডুবে তার মৃত্যু হয় বলে জানা যায়। তারও আগে নৌকা উল্টে মৃত্যু হয়েছিল এক কৃষেকরও। ফলে সব মিলিয়ে বন্যা পরিস্থিতির জেরে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।