• ‘ভারতীয় হিসাবে এত গর্ব কোনওদিন হয়নি’, মোদির কীর্তিতে মুগ্ধ বিশ্বকাপজয়ী শাস্ত্রী
    প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ভারতে বসেছে ব্রিকস সম্মেলনের আসর। বিশ্বের একঝাঁক রাষ্ট্রনেতা অংশ নিয়েছেন, উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস স্বয়ং। এই হাইভোল্টেজ সম্মেলনের আয়োজন দেখে গর্বে বুক ফুলে গিয়েছে প্রাক্তন তারকা ক্রিকেটার রবি শাস্ত্রীর। ভারতীয় হিসাবে তিনি কতখানি গর্বিত, এক্স হ্যান্ডেলে তা প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন হেডকোচ।

    শনিবার এবং রবিবার দিল্লির ভারত মন্ডপমে ছিল ব্রিকসের শীর্ষ সম্মেলন। ‘ব্রিক্স’ দেশভুক্ত দেশগুলির ১৮তম শীর্ষ সম্মেলন উপলক্ষে একইসঙ্গে হাজির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা-সহ ২৫টি দেশের রাষ্ট্রপ্রধান। জিনপিং-পুতিনদের মতো শক্তিশালী রাষ্ট্রপ্রধানদের দেখা গিয়েছে মোদির সঙ্গে খানিকটা বন্ধুর মতো আচরণ করতে। একসঙ্গে বৃক্ষরোপণও করেছেন তিন রাষ্ট্রপ্রধান।

    সেই ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন শাস্ত্রী। লিখেছেন, ‘ভারতীয় হিসাবে এতটা গর্ব বোধ আগে কখনও হয়নি। প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমাদের অসাধারণ প্রধানমন্ত্রী, আমাদের ভারতমাতার কাছে। এমন উচ্চস্তরের আন্তর্জাতিক কূটনীতি আগে কখনও হয়নি। মোদিজি আপনাকে প্রণাম।’ উল্লেখ্য, ভারতীয় দলের হয়ে একাধিক কৃতিত্ব অর্জন করেছেন শাস্ত্রী। ১৯৮৩ বিশ্বজয়ের অন্য়তম কারিগর ছিলেন তিনি। ভারতীয় দলের কোচ হিসাবে গাব্বা টেস্ট জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অনবদ্য মাইলফলক। কিন্তু সেই শাস্ত্রীই বলছেন, ভারতীয় হিসাবে তিনি সবচেয়ে গর্বিত ব্রিকস আয়োজন নিয়ে।

    উল্লেখ্য, ভারতের আন্তর্জাতিক বাণিজ্য আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলির উপর অধিক নির্ভরশীল। অনেকের মতে, ব্রিকসের মতো কোনও জোটকে গুরুত্ব না দিয়ে ভারত আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলির সঙ্গে অংশীদারিত্ব বাড়ালে বেশি লাভবান হবে। তবে এসব যুক্তি যতই প্রখর হোক, ব্রিকসের মতো জোট বিশ্ব ব্যবস্থায় বহুপাক্ষিকতা এনে আপাতত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বেচ্ছাচারিতা খর্বে কার্যকর হতে পারে। মোদি, জিনপিং, পুতিন, পেজেস্কিয়ানের এই মুহূর্তে দিল্লিতে ‘এক’ হওয়া অবশ্যই একটি ‘ঘটনা’। এবং সেই ঘটনায় গর্বিত শাস্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)