বাল্যবন্ধু, একসঙ্গে স্কুলে পড়াশোনাও করেছেন। কিন্তু বর্তমানে জমি ‘হাঙর’দের কবলে পড়ে খুইয়েছেন শেষ সম্বলটুকু। তাই বিচার চেয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হলেন তাঁর এক সময়ের সহপাঠী।
৮১ বছরের ওই বৃদ্ধার নাম আসগরআলি ভোহরা। গুজরাটের ভাদনগরের বি এন স্কুলে একসময়ে মোদির সহপাঠী ছিলেন তিনি। জানা গিয়েছে, মুম্বইয়ের ভায়ান্দর পূর্ব এলাকায় কয়েক দশকের পুরনো একটি জমি নিয়ে সমস্যায় রয়েছেন তিনি। ভোহরার দাবি, ১৯৮৯ সালে ২ হাজার ৮১০ বর্গমিটার আয়তন বিশিষ্ট জমিটি তিনি কিনেছিলেন। পরবর্তীতে ২০১১ সালে জমিটি বেদখল হয়ে যায়। তিনি অভিযোগ করেন, এর নেপথ্যে রয়েছে ‘স্বয়ম বিল্ডার্স’ ও ‘সেভেন ইলেভেন কনস্ট্রাকশনস’ নামে দু’টি নির্মাণ সংস্থা। এখানেই শেষ নয়। তাঁর আরও অভিযোগ, জমির নথিপত্র জাল করে জমিটি দু’টি অংশে ভাগ করা হয়। তারপর নির্মাণ সংস্থারা সেটি নিজেদের নামে করে নেয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। এই পরিস্থিতিতে গত ৮ সেপ্টেম্বর বিচার চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন ভোহরা। তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
এই জমি কেলেঙ্কারিতে স্থানীয় বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতারও নাম জড়িয়েছে। বৃদ্ধের দাবি, নরেন্দ্রর সঙ্গে দুই নির্মাণ সংস্থার যোগসূত্র রয়েছে। জানা গিয়েছেন, এই কেলেঙ্কারিতে ২০১৫ সালে পুলিশ একটি মামলা দায়ের করে। কিন্তু ভোহরার দাবি, এক দশক কেটে গেলেও কোনও সুরাহা হয়নি। তবে ‘বন্ধু’ মোদির সঙ্গে সাক্ষাতের পর এবার তিনি আশাবাদী।