• মাঝ আকাশে ইঞ্জিন বিকল! জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের, কপালজোরে রক্ষা
    প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • মাঝ আকাশে ফের বিপর্যয়! জয়পুরে জরুরি অবতরণ করল ভোপাল থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। কপালজোরে বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন শতাধিক যাত্রী। বিমানটিকে অবতরণ করাতে যুদ্ধকালীন তৎপরতা দেখা যায় বিমানবন্দরে। রবিবার সকালে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। আকাশ পথে বারবার এই ঘটনায় প্রশ্নের মুখে যাত্রীদের নিরাপত্তা।

    জানা গিয়েছে, রবিবার সকাল ৮টা ৪৭ মিনিটে ভোপাল থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই১৮৮৬’। সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটি অবতরণের কথা ছিল দিল্লিতে। তবে আকাশে ওড়ার কিছুক্ষণ পরই বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি নজরে আসে পাইলটের। তৎক্ষণাৎ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। পরামর্শমতো দিল্লির পরিবর্তে বিমানটিকে নিকটবর্তী জয়পুরের দিকে ঘোরানো হয়। বিমানটিকে জরুরি অবতরণ করাতে যুদ্ধকালীন তৎপরতা দেখা যায় বিমানবন্দরে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় দমকল।

    বড় বিপদের ঝুঁকি এড়িয়ে জয়পুরে নিরাপদেই অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান। যাত্রীরা সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। অবতরণের পর বিমানটি পরীক্ষা করে দেখেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, দেশের আকাশ পথে এই ধরনের ঘটনা প্রথমবার নয়। চলতি মাসের প্রথম দিন একই সমস্যায় পড়েছিল গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমান। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই বিমানটিতে যাত্রিক ত্রুটি নজরে আসে। গুরুতর এই পরিস্থিতিতে দিল্লি যাওয়ার পরিবর্তে গোয়ায় জরুরি অবতরণ করে বিমানটি। ঘটনায় কপালজোরে রক্ষা পেয়েছেন যাত্রীরা। অবতরণের সময় জরুরি অবস্থা জারি করা হয় গোয়া বিমানবন্দরে। বারবার এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে আকাশ সফরের নিরাপত্তা।
  • Link to this news (প্রতিদিন)