রাত নামলেই সুন্দরীদের ডাক, সঙ্গে মদের ফোয়ারা! মন্দারমণির মধুচক্র ভেঙে ৮ তরুণীকে উদ্ধার পুলিশের
প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৬
মন্দারমণির রিসর্টে মধুচক্র! পর্দাফাঁস করল পুলিশ। অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। অসমাজিক কাজের অভিযোগে গ্রেপ্তার ৩ যুবক। এই চক্রে আর কারা কারা জড়িত? তা জানতে তদন্ত শুরু করেছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে একটি রিসর্টে অভিযান চালায় মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। সেখানে আগে থেকেই ছিলেন ৮ তরুণী। অভিযোগ, রাত নামলেই লাস্যময়ীদের ভিড় বাড়ত রিসর্টে। চলত মদের ফোয়ারা। টাকা দিলেই মিলত পছন্দমতো সঙ্গী। তরুণীদের নিয়ে চালানো হত মধুচক্র! পাশাপাশি মানবপাচারেরও অভিযোগ উঠেছে ওই রিসর্টের বিরুদ্ধে। ঘটনায় যুক্ত ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরুণীদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করা হয়েছে। মন্দারমণি ও তার আশপাশের এলাকায় মধুচক্রের অভিযোগ নতুন নয়। আগেও বহুবার বিভিন্ন হোটেলে একই অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে তরুণীদের। গ্রেপ্তার হয়েছেন ম্যানেজার-সহ অনেকে।
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে একই অভিযোগে মন্দারমণির পাশের এলাকা চাউলখোলা এলাকায় রামনগর থানার পুলিশ অভিযান চালিয়ে মোট ২২ জন মহিলাকে আটক করা হয়েছিল। ২০২৪ সালের অক্টোবরে মন্দারমণির একটি হোটেল থেকে ম্যানেজার-সহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের জুলাই মাসেও মন্দারমণির বেশ কয়েকটি হোটেলে রাতভর অভিযান চালিয়ে ১২ জন যুবক এবং ৬ জন যুবতীকে গ্রেপ্তার করা হয়। এবার আরও একবার এক হোটেলে অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ।