দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি। রবিবার সকালে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হলো বিমানটিকে। বিমানের সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন বলে খবর। দেশের অসামরিক বিমান পরিবহণ সংস্থার (DGCA) পক্ষ থেকেও ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।
দিল্লিগামী ওই বিমানটি মাঝআকাশে থাকাকালীন একটি ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। বিষয়টি নজরে আসতেই পাইলট সঙ্গে সঙ্গে নিকটবর্তী জয়পুর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।
সংকেত পাওয়ার পরেই জয়পুর বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। রানওয়েতে প্রস্তুত রাখা হয়েছিল অ্যাম্বুল্যান্স, ফায়ার ব্রিগেড এবং উদ্ধারকারী দল। তবে পাইলটের দক্ষতায় বিমানটি নিরাপদে রানওয়েতে অবতরণ করে। অবতরণের পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা।
বিমানবন্দর সূত্রে খবর, সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়। তাঁদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ইঞ্জিনটিতে ঠিক কী কারণে গোলযোগ দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি কারিগরি দল তদন্ত শুরু করেছে।