২০২৯ সালের মধ্যেই NDA শাসিত ২১টি রাজ্যে কার্যকর করা হবে অভিন্ন দেওয়ানি বিধি। রবিবার মুম্বইতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা নির্বাচনের আগেই এই কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নরেন্দ্র মোদী সরকারের নীতি— দেশের সুরক্ষা ব্যবস্থা সবার আগে। জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ‘জ়িরো টলারেন্স নীতি’ নিয়ে চলছে। বক্তব্যের মাঝেই অমিত শাহ উল্লেখ করেন UCC-র কথা। শাহ বলেন, ‘আমরা ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে ইউসিসি চালু করেছি। আমি আত্মবিশ্বাসী বিজেপিশাসিত ২১টি রাজ্যেই ২০২৯ সালের মধ্যেই ইউসিসি চালু করা হবে।’
উল্লেখ্য, বর্তমানে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট ১৯টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষমতায় রয়েছে। এর মধ্যে উত্তরাখণ্ড, গুজরাট ও অসমে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে এ সংক্রান্ত খসড়া তৈরির জন্য একটি কমিটি গঠন করেছে।
শাহ উল্লেখ করেন, দুর্নীতি, জাতিভেদ ও পরিবারতন্ত্রের যুগ থেকে বেরিয়ে ২০১৪ সালের পর থেকে বিজেপি-নেতৃত্বাধীন সরকারের অধীনে ভারত অর্থনৈতিক ভাবে এবং ‘কর্মদক্ষতা-ভিত্তিক রাজনীতি’র পথে এগোচ্ছে। শাহ ঘোষণা করেন, প্রধানমন্ত্রী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কার্যকালের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ পরিচালনার জন্য পুরো এনডিএ জোট এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হচ্ছে।