ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা। ‘এমটি এল গাইয়া’ নামে একটি জাহাজে হামলা করা হয়েছে। জাহাজে মোট ১৪ জন ভারতীয় ক্রু মেম্বার ছিলেন। ১৩ জনকে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ বলে খবর। আন্তর্জাতিক জলসীমায় পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
বিদেশ মন্ত্রকের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক সমুদ্রসীমায় বাণিজ্যিক জাহাজ ও সাধারণ নাবিকদের উপরে যে কোনও ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক নিরাপত্তার পরিপন্থী। ভারত এই ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং সমুদ্রপথের নিরাপত্তা ও চলাচলের স্বাধীনতা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ওমান প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। উদ্ধার হওয়া ১৩ জন ভারতীয় নাবিক বর্তমানে সুরক্ষিত আছে এবং তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা ও দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। নিখোঁজ নাবিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।