• জামদানিতে মোদীর মুখ, ১০ দিনে তৈরি পদ্মশ্রী বীরেন বসাকের অনন্য শিল্পকর্ম
    দৈনিক স্টেটসম্যান | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে অভিনব শ্রদ্ধার্ঘ্য বাংলার মাটি থেকে। নদিয়ার ফুলিয়ার বিশ্বখ্যাত তাঁতশিল্পী তথা পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বীরেন কুমার বসাকের হাতে জামদানি বুননে ফুটে উঠল প্রধানমন্ত্রীর নিখুঁত প্রতিকৃতি। কোনও তুলির আঁচড় নয়, রেশমের সুতোয় সম্পূর্ণ জামদানি বুননের মাধ্যমে তৈরি হয়েছে এই অনন্য ‘লাইন আর্ট’ পোর্ট্রেট। বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পের উৎকর্ষ এবং শিল্পীদের কারিগরি দক্ষতার নজির হিসেবেই এই বিশেষ শিল্পকর্মকে প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে তুলে ধরা হচ্ছে।

    জামদানি বুননের সঙ্গে সূক্ষ্ম রেখাচিত্রের এই মেলবন্ধন ঐতিহ্যবাহী তাঁতশিল্পে তৈরি করেছে নতুন দিগন্ত। এই অভিনব ভাবনার সূচনা বীরেন কুমার বসাকের ছেলে অভিনব বসাকের হাত ধরে। ২০১৬ সালে প্রথমবার এই পদ্ধতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি জামদানিতে বুনে তৈরি করা হয়েছিল। তার পর থেকে একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্বের ছবি উঠে এসেছে জামদানি বুননে। সেই ধারার অন্যতম উল্লেখযোগ্য সংযোজন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিকৃতি।

    তবে এই শিল্পকর্ম তৈরি করা মোটেই সহজ ছিল না। এর নেপথ্যে রয়েছে দক্ষ তাঁতশিল্পীদের দীর্ঘ পরিশ্রম এবং সূক্ষ্ম কারিগরি। বীরেন কুমার বসাক জানিয়েছেন, তাঁর দলের দক্ষ তাঁতশিল্পী বিবেক বিশ্বাসের হাতেই ফুটে উঠেছে এই বিশেষ প্রতিকৃতি। ২০১৬ সাল থেকেই এই ধরনের সূক্ষ্ম শিল্পকর্ম তৈরির সঙ্গে যুক্ত তিনি।

    প্রধানমন্ত্রীর প্রতিকৃতিটি তৈরি করতে সময় লেগেছে মাত্র ১০ দিন। শিল্পীর দাবি, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলার তাঁতশিল্পীদের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য হিসেবেই এই কাজ করা হয়েছে।

    প্রসঙ্গত, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। ওই দিন উপহার হিসেবে ফুলিয়া থেকে এই বিশেষ জামদানি প্রতিকৃতি তাঁর কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে আধুনিক শিল্পভাবনার সঙ্গে মিশিয়ে তৈরি এই অভিনব কাজ তাই জন্মদিনের উপহারের পাশাপাশি হয়ে উঠেছে শিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতারও এক অনন্য প্রদর্শন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)