ফের বিষ মদের বলি। এবার ‘ড্রাই’ নাগাল্যান্ডে প্রাণ গেল ৯ জনের। তুয়েনসাং-এর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিষ মদ খেয়ে অসুস্থ হওয়া ব্যক্তিদের। ইতিমধ্যে তাঁদের মধ্যে ন’জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর একাধিক জেলায় লাল সতর্কতা জারি করে তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ।
নাগাল্যান্ডের ডিজিপি রুপিন শর্মা জানিয়েছেন, তুয়েনসাং জেলায় মদ খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাদের জেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। রুপিন জানিয়েছে, মদের স্যাম্পেল সংগ্রহ করা হচ্ছে। তা পরীক্ষা করে দেখা হবে। পাশাপাশি চিকিৎসকদের রিপোর্ট খতিয়ে দেখা হবে। এরপরেই জানা যাবে ঠিক কোন কারণে এতগুলি মানুষ প্রাণ হারালেন।
এইসঙ্গে একটি নির্দেশিকা জারি করেছেন ডিজিপি শর্মা। ওই নির্দেশিকায় জনগণকে মদ্যপান না করার অনুরোধ জানিয়েছেন তিনি। বিশেষ করে মন, মোককচুং, টুয়েনসাং, লংলেং, কিফিরে, শামাতোর ও নকলাক জেলার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত অন্যান্য জেলার বাসিন্দাদেরও মদ্যপান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ডিজিপি।
উল্লেখ্য, বিহারের মতোই নাগাল্যান্ডেও মদ তৈরি, বিক্রি ও পান করা নিষিদ্ধ। ‘নাগাল্যান্ড সম্পূর্ণ মদ্যপান নিষিদ্ধকরণ আইন, ১৯৮৯’ কার্যকর হয় ১৯৯০ সালে। গির্জগুলি ও সুশীল সমাজের জোরালো দাবির প্রেক্ষিতে সামাজিক পরিবর্তন আনতে এবং পারিবারিক সহিংসতা ও মদ্যপান-জনিত অপরাধ হ্রাসের লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হয়েছিল। যদিও বিহারের মতোই মদ নিষিদ্ধ রাজ্যগুলিতেই বিষ মদে মৃত্যুর ঘটনা সামনে আসছে।