• ‘যতদিন সনাতনী পতাকা উড়বে, কেউ ভারতের ক্ষতি করতে পারবে না’, হুঙ্কার যোগীর
    প্রতিদিন | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • দেশের আধ্যাত্মিক ঐতিহ্যকে জাতীয় শক্তি ও ঐক্যের উৎস বলে বর্ণনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার রায়বরেলিতে শিব মহাপুরাণের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘যতদিন সনাতন ধর্মের পতাকা উড়তে থাকবে, ততদিন কেউ ভারতের কোনও ক্ষতি করতে পারবে না।’

    রায়বরেলির ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগী বলেন, সনাতন ধর্ম কেবল উপাসনার পদ্ধতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা কর্তব্য ও দেশাত্মবোধের সঙ্গেও সম্পৃক্ত। মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা ধর্মকে শুধুমাত্র উপাসনা পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ রাখিনি। এটা আমাদের সমাজের প্রাণশক্তি। ধর্মকে আমরা কর্তব্যের সঙ্গে যুক্ত করেছি। যা জাতির চালিকাশক্তি হয়ে উঠেছে।” অতীতে দেশে যে বিদেশি আক্রমণ ঘটেছে, সে প্রসঙ্গে তিনি বলেন, “বিদেশি আক্রমণকারীরা ভারতের পবিত্র স্থানগুলিতে হামলা চালালেও দেশের আধ্যাত্মিক ঐতিহ্য আমাদের সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক চেতনাকে রক্ষা করেছে। মধ্যযুগের রাজনৈতিক দুর্বলতা সত্ত্বেও ব্যাসপীঠ বা আধ্যাত্মিক আলোচনার ঐতিহ্যবাহী কেন্দ্রগুলি থেকে প্রদত্ত জ্ঞান সমাজকে শক্তিশালী করেছে। দেশের সংস্কৃতি ও আধ্যাত্মিক বিকাশে অবদান রেখেছে।”

    এপ্রসঙ্গে রামচরিতমানসের রচয়িতা তুলসীদাসের প্রসঙ্গ তুলে ধরে যোগী বলেন, “মুঘল সম্রাট আকবর এই কবিকে তাঁর নবরত্ন সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে কবি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন, ‘এই আকবর কে?’ লোকে তাঁকে ভারতের সম্রাট বলতে পারে। কিন্তু আমার রাজা একজন তিনি রাম। তিনি ছাড়া কোনও আকবর বা বিদেশিকে আমি আমার রাজা বলে মনে করি না।”

    শিবপুরাণের ওই সভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে সওয়াল করে বলেন, “ধারাবাহিক ধর্মীয় আলোচনা আমাদের পথ দেখাবে। এটাই নিশ্চিত করবে যে সনাতন ধর্মের পতাকা কখনও নত হবে না। আর এই পতাকা যতদিন আকাশে উড়বে ততদিন ভারতের সামান্যতম ক্ষতিও কেউ করতে পারবে না।”
  • Link to this news (প্রতিদিন)