তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাল্যবন্ধু। স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছেন। তাই চার দশকের পুরোনো জমি বিবাদের সমাধান খুঁজতে সরাসরি সহপাঠীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন মুম্বইয়ের মীরা রোডের বাসিন্দা আসগর আলি বোহরা। বিবাদ মেটাতে বন্ধু তথা প্রধানমন্ত্রীর কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
মোদীর সঙ্গে গুজরাটের ভদোদরার বিএন স্কুলে পড়াশোনা করেছেন আসগর। এখন তাঁর বয়স ৮১ বছর। গত ৮ সেপ্টেম্বর মোদীর সঙ্গে দেখা করেন তিনি। আসগরের দাবি, ১৯৮৯-তে মুম্বইয়ের কাছে ভাইন্দর ইস্টে প্রায় ২ হাজার ৮১০ বর্গমিটারের একটি জমি কিনেছিলেন তিনি। কিন্তু ২০১১ সালে সেই জমি বেআইনি ভাবে দখল করে নেওয়া হয় বলে অভিযোগ।
দু’টি নির্মাণ সংস্থার দিকে সরাসরি আঙুল তুলেছেন আসগর। তাঁর দাবি, মালিককে অন্ধকারে রেখে জমির জাল দলিল তৈরি করা হয়েছিল। এমনকী তাঁর জমিও দু’ভাগে ভাগ করে ওই দু’টি নির্মাণ সংস্থার নামে লিখে দেওয়া হয়। এই নিয়ে ২০১৫ সালে থানায় অভিযোগ জানান তিনি। তার পরে শুরু হয় মামলা। বর্তমানে গোটা ঘটনাটাই আদালতে বিচারাধীন।
জমি কেলেঙ্কারিতে স্থানীয় বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতার নামও জড়িয়েছে। ওই দু’টি নির্মাণ সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে দাবি আসগরের। গত দশ বছর ধরে একাধিক সরকারি সংস্থার দরবার করেও কোনও মেলেনি বলে অভিযোগ। শেষে বাল্যবন্ধু মোদীর দ্বারস্থ হন তিনি। গোটা বিষয়টা জানিয়ে ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন আসগর।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই সক্রিয় হয়েছে স্থানীয় প্রশাসন। আগামী ১৬ সেপ্টেম্বর জমি বিবাদের মামলার শুনানি হবে। সেখানে ওই দু’টি নির্মাণ সংস্থার প্রতিনিধিদেরও হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে এখন পুরোনো বন্ধুর হস্তক্ষেপে জমি জট কাটার আশায় বুক বাঁধছেন আসগর।
আসগর আলি বোহরা কে?
তিনি মুম্বইয়ের মীরা রোডের ৮১ বছরের বাসিন্দা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন স্কুল-সহপাঠী।
জমি নিয়ে কী অভিযোগ করেছেন আসগর?
১৯৮৯ সালে কেনা প্রায় ২৮১০ বর্গমিটার জমি ২০১১ সালে বেআইনি ভাবে দখল করা এবং জাল দলিল তৈরির অভিযোগ করেছেন তিনি।
কার বিরুদ্ধে অভিযোগ উঠেছে?
দু’টি নির্মাণ সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আসগর।
কবে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল?
২০১৫ সালে এই জমি-বিবাদ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
প্রধানমন্ত্রীর কাছে কী দাবি জানিয়েছেন আসগর?
গোটা ঘটনার CBI তদন্তের পাশাপাশি জমি-বিবাদে হস্তক্ষেপ করে সমাধানের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি।