মুম্বই-গোয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করতে দেরি হওয়ায় তিনি ‘লজ্জিত’ বলে জানিয়েছিলেন। এ বার মুম্বইয়ের যানজটের জন্য নিজের ভুল স্বীকার করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। শনিবার মুম্বইয়ের ট্র্যাফিকে প্রায় এক ঘণ্টা আটকে পড়েছিলেন তিনি। তার জেরে ইন্দো-আমেরিকান কূটনীতিকদের বৈঠকে পৌঁছতে দেরি হয়। সেখানে যানজটের কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘নিজের ভুলের খেসারত দিচ্ছি।’
গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বইয়ের ট্র্যাফিকের পরিস্থিতি ভয়াবহ। একাধিক রাস্তায় লম্বা যানজট। তার মধ্যেই ইন্দো-আমেরিকান কূটনীতিকদের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওরলি থেকে মুম্বইয়ের একটি নামী হোটেলে যাচ্ছিলেন গড়করি। কিন্তু এক ঘণ্টা দেরিতে পৌঁছন। সেখানে আক্ষেপের সুরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, নিজের কৃতকর্মের জন্যই এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে তাঁকে।
অনুষ্ঠানে যানজট নিয়েই কথা বলছিলেন গড়করি। তখনই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘যানজটের জন্য ওরলি থেকে এই হোটেল পর্যন্ত আসতে এক ঘণ্টা দেরি হলো।’ এর পরেই নিজের ভুল স্বীকার করে নেন তিনি। সরাসরি বলেন, ‘আমার নিজের ভুলের জন্যই এই অবস্থা।’
১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত মহারাষ্ট্রের পূর্তমন্ত্রী ছিলেন গড়করি। তাঁর আমলেই ৫৫টি উড়ালপুল, বান্দ্রা-ওরলি সি লিঙ্ক, মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে-সহ একাধিক প্রকল্পের কাজ হয়। কিন্তু গড়করির বক্তব্য, সেই সময়ে প্রযুক্তি এখনকার মতো এত উন্নত ছিল না। তাঁর কথায়, ‘শহরের জনসংখ্যা এবং গাড়ির সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় কয়েক দশক আগে তৈরি করা সেই পরিকাঠামোই এখন যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে।’
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে তাই পুরোনো উড়ালপুলগুলি ভেঙে আধুনিক প্রযুক্তিতে নতুন করে তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। গড়করির কথায়, ‘মালয়েশিয়ার প্রযুক্তিতে একটি স্তম্ভের উপরে একাধিক স্তরে উড়ালপুল তৈরি করা সম্ভব। এমনকী একেবারে উপরের স্তরে মেট্রো করিডরও তৈরি করা যাবে।’ শহরের যানজট কমাতে এই ধরনের বহুতল পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করেন তিনি।
কেন মুম্বইয়ের যানজটে আটকে পড়েছিলেন নীতিন গড়করি?
ওরলি থেকে একটি হোটেলে যাওয়ার পথে যানজটে প্রায় এক ঘণ্টা আটকে পড়েন তিনি।
যানজট নিয়ে কী মন্তব্য করেছেন গড়করি?
নিজের আমলে তৈরি পুরনো পরিকাঠামোর কারণেই এখন ভুগতে হচ্ছে বলে আক্ষেপ করেন তিনি।
গড়করি মহারাষ্ট্রের পূর্তমন্ত্রী ছিলেন কবে?
১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি মহারাষ্ট্রের পূর্তমন্ত্রী ছিলেন।
তাঁর আমলে কী কী পরিকাঠামো তৈরি হয়েছিল?
৫৫টি উড়ালপুল, বান্দ্রা-ওরলি সি লিঙ্ক এবং মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের মতো প্রকল্পের কাজ হয়েছিল।
যানজট কমাতে কী প্রস্তাব দিয়েছেন গড়করি?
পুরনো উড়ালপুল ভেঙে আধুনিক প্রযুক্তিতে একাধিক স্তরের নতুন উড়ালপুল তৈরির পরামর্শ দিয়েছেন তিনি।