• ‘কোনও দলের অনুগত...’, মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • একত্রিশ বছর ধরে দখলে থাকা বাঁকিপুর কেন্দ্রটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছেন ‘জন সুরজ’ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। এর নেপথ্য মুসলিম ভোট বড় ফ্যাক্টর বলে মনে করেন অনেকেই। এর মধ্যেই রবিবার বিহারের পাটনার সবজিবাগে সংখ্যালঘুদের একটি সম্মেলনে যোগ দিয়ে গোটা মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে বড় বার্তা দিলেন প্রশান্ত। সরাসরি বললেন, ‘কোনও দলের অনুগত হয়ে থাকবেন না।’

    সম্মেলনে প্রথমেই বাঁকিপুরে জয়ের জন্য মুসলিমদের ধন্যবাদ জানান তিনি। প্রশান্ত বলেন, ‘উপনির্বাচনে আপনারা আমাকে যে ভাবে সমর্থন করেছেন, তার জন্য ধন্যবাদ জানাতে চাই। এখন সংখ্যালঘুদের দায়িত্ব হলো, সঠিক প্রতিনিধি বেছে নেওয়া।’ উল্লেখ্য, ১৯৯৫ থেকে বাঁকিপুর কেন্দ্রটি বিজেপির দখলে ছিল। পাঁচ বারের বিধায়ক তথা বিজেপি সভাপতি নীতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পরে আসনটি খালি হয়। উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী হন প্রশান্ত কিশোর।

    পাটনার মুসলিম ভোটাদের একটা বড় অংশকে আরজেডি-র সমর্থক বলে মনে করা হয়। তবে এখন ধীরে ধীরে তাঁরা প্রশান্তর দিকে ঝুঁকছেন বলেই অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। সেই সম্ভাবনাকে হাতিয়ার করেই মুসলিম ভোটারদের সমর্থন নিজের দিকে টানার চেষ্টা করেছেন জন সুরজের প্রতিষ্ঠাতা। প্রশান্তর কথায়, ‘কোনও দলের অনুগত হয়ে না থেকে নিজের প্রাপ্য আদায়ের জন্য লড়ুন।’ গণতন্ত্রে নিজের অধিকার, নিরাপত্তা, উন্নয়ন এবং সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে সরাসরি রাজনীতিতে নামা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

    তবে এ বারই প্রথম নয়। রাজনীতিতে পা রাখার পর থেকেই মুসলিম ভোটারদের কাছে টানার চেষ্টা করেছেন প্রাক্তন ভোটকুশলী। JDU-র জাতীয় সহ-সভাপতি থাকাকালীন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করেছিলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন দলের অবস্থান নিয়েও। শেষ পর্যন্ত JDU থেকে বহিষ্কার করা হয় তাঁকে। এর পরেই ‘জন সুরজ’ পার্টি গড়েন প্রশান্ত। তবে গত বছর বিহারের বিধানসভা নির্বাচনে মহিলা, সংখ্যালঘু এবং অতি পিছিয়ে পড়া শ্রেণির ভোট টানতে পারেনি তাঁর দল।

    অক্টোবরে বিহারের বিধান পরিষদের ৮টি আসনের নির্বাচন। সব ক’টিতেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে ‘জন সুরজ’। ইতিমধ্যে ৬ জনের নাম ঘোষণা করে দিয়েছে আরজেডি-ও। সেই নিয়েও এদিন আক্রমণ শানান প্রশান্ত। তাঁর প্রশ্ন, ‘নাম শুনে আরজেডি নেতাদের কথা মনে হচ্ছে? সবাই দলবদলু। মনে হচ্ছে, যাঁরা টাকা দিয়েছেন, তাঁদেরই টিকিট দেওয়া হয়েছে।’ আরজেডি প্রার্থীদের মধ্যে রয়েছেন রশ্মি গৌতম এবং তাঁর স্বামী তথা সীতামাঢ়ির চিকিৎসক বিনায়ক গৌতমও। দু’জনেই এক সময়ে ‘জন সুরজের’ সঙ্গে যুক্ত ছিলেন।

    বাঁকিপুরে কাকে হারিয়েছেন প্রশান্ত কিশোর?

    বিজেপি প্রার্থীকে হারিয়ে বাঁকিপুর উপনির্বাচনে জয়ী হয়েছেন প্রশান্ত কিশোর।

    বাঁকিপুরে কত বছর ধরে বিজেপির দখল ছিল?

    ১৯৯৫ সাল থেকে, অর্থাৎ প্রায় ৩১ বছর ধরে কেন্দ্রটি বিজেপির দখলে ছিল।

    মুসলিম ভোট নিয়ে কী বার্তা দিয়েছেন প্রশান্ত কিশোর?

    কোনও রাজনৈতিক দলের অনুগত না হয়ে নিজেদের প্রাপ্য রাজনৈতিক প্রতিনিধিত্বের জন্য লড়াই করার আহ্বান জানিয়েছেন তিনি।

    জন সুরাজ কতটি বিধান পরিষদ আসনে লড়বে?

    অক্টোবরে সম্ভাব্য বিহার বিধান পরিষদের আটটি আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে জন সুরাজ।

    আরজেডির প্রার্থী তালিকা নিয়ে কী অভিযোগ প্রশান্তের?

    তাঁর অভিযোগ, আরজেডি দলবদলু এবং যারা দলকে টাকা দিয়েছেন, তাঁদেরই টিকিট দিয়েছে।

  • Link to this news (এই সময়)