• যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো বালি ব্রিজের সংযোগকারী সেতু, রয়েছে কিছু শর্ত
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • অবশেষে স্বস্তি নিত্যযাত্রীদের। দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার জাতীয় সড়কের সঙ্গে বালি ব্রিজের সংযোগকারী সেতুটির স্বাস্থ্যপরীক্ষা সম্পূর্ণ। রবিবার রাত থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সেতুটি। তবে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।

    জানানো হয়েছে, ৩.৫ টনের বেশি ওজনের ভারী যানবাহন এই সেতু দিয়ে আপাতত চলাচল করতে পারবে না। একইসঙ্গে কোনও বাসও এই সেতু দিয়ে চলাচল করবে না। বাস ও ভারী যানবাহনকে নিবেদিতা সেতু হয়ে যাতায়াত করতে হবে।

    এই সংযোগকারী সেতু দিয়ে আপাতত শুধুমাত্র ছোট গাড়ি ও হালকা যানবাহন দক্ষিণেশ্বর থেকে বালির দিকে চলাচল করতে পারবে। সেতুটি খুলে দেওয়ায় অফিস টাইমে দীর্ঘদিনের যানজট ও যাতায়াতের সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

    পূর্ত দপ্তর সূত্রে খবর, গত শুক্রবার থেকে শুরু হয় ওই সেতুর স্বাস্থ্যপরীক্ষার কাজ। মূলত সেতুর লোড ক্যাপাসিটি বোঝার জন্যই বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলে। তার জন্যই শুক্রবার সকাল ৮টা থেকে সেতুর উপরে এবং তার সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়েছিল।

    উল্লেখ্য, বালি ব্রিজের সঙ্গে জাতীয় সড়কের সংযোগকারী ওই সেতুটির বয়স ৫০ বছরের বেশি। সম্প্রতি সেতুর উপরের রাস্তা সংস্কার করা হয়। যাত্রিবাহী বাস, বড় ট্রাক-সহ ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে হাইট বারও লাগানো হয়।

  • Link to this news (এই সময়)