• টোটো-অটো দৌরাত্ম্যের প্রতিবাদ, সোমবার থেকে বন্ধ বর্ধমানের একাধিক রুটে মিনিবাস পরিষেবা
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • বাসরাস্তায় টোটো ও অটো বন্ধ করতে হবে। এই দাবি নিয়ে দোমোহনি-আসানসোল রুটে মিনিবাস চলাচল বন্ধ রেখেছিল আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশন। আসানসোলের মতো বর্ধমান শহরেও মিনিবাস ও টাউন সার্ভিস বাস ধর্মঘটের পথে হাঁটতে চলেছেন কর্মীরা। সোমবার থেকে বর্ধমান শহরের একাধিক রুটে অনির্দিষ্টকালের জন্য মিনিবাস পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিলেন বাসকর্মীরা।

    জানা গিয়েছে, সোমবার থেকে পূর্বাশা বাসস্ট্যান্ড (নবাবহাট) থেকে আলিশা বাসস্ট্যান্ড (উল্লাস) এবং পূর্বাশা থেকে পূর্তভবন, এই রুটগুলিতে বাস চলাচল বন্ধ থাকবে। ওই রুটগুলিতে প্রায় ৮০টি মিনিবাস চলাচল করে। যদিও বাস মালিক সংগঠনগুলির দাবি, অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের সিদ্ধান্ত তাদের সংগঠনের নয়। বাস চালক সঞ্জয় দাস বলেন, ‘বাসের থেকে এখন টোটোর দাপট এত বেশি, ওরাই এখন আমাদের বাসের সামনে দাঁড়িয়ে যাত্রী তোলে। কোথাও কোন নিয়ম না মেনেই চলছে এই অবস্থা। সারাদিনে ২০০ টাকাও লাভ থাকে না। আমাদের সংসার চলছে না। তাই আমরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি।’

    বর্ধমান টাউন সার্ভিস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ পাল বলেন, ‘প্রায় ৮০টি মিনিবাস রয়েছে। শহর জুড়ে অত্যধিক টোটো চলাচলের কারণে বাসের ব্যবসা প্রায় শেষের দিকে বলে দাবি। সরকারের উচিত অবৈধ টোটো চলাচলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। আমরা এই বাস বন্ধের সিদ্ধান্ত নিইনি।’ অন্য দিকে, বর্ধমান মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের এই সিদ্ধান্ত বাস কর্মীদের। এটা তাঁদের সিদ্ধান্ত, আমাদের সংগঠনের সিদ্ধান্ত নয়। তবে টোটোর এই অত্যাচার বন্ধ করার জন্য পুলিশ ও প্রশাসনের কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

    আসানসোলের চিত্রটা প্রায় একই। আসানসোল শিল্পাঞ্চলে মিনিবাসের মোট ১৮২টি রুট আছে। কিন্তু টোটো-অটোর দৌরাত্ম্যে লোকসানের ঠেলায় প্রায় ৬০টি রুটে মিনিবাস বন্ধ হয়ে গিয়েছে। শনিবার দোমোহনি-আসানসোল রুটে বন্ধ রাখা হয় মিনিবাস চলাচল।

    প্রায় ৮০টি মিনিবাস পরিষেবা বন্ধ থাকলে বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ রুটগুলিতে যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে নিয়মিত অফিসযাত্রী, পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দাদের বিকল্প পরিবহনের উপর নির্ভর করতে হতে পারে।

    ১. বর্ধমানে কবে থেকে মিনিবাস বন্ধ হচ্ছে?

    সোমবার থেকে বর্ধমানের নির্দিষ্ট কয়েকটি রুটে অনির্দিষ্টকালের জন্য মিনিবাস পরিষেবা বন্ধ থাকবে।

    ২. বর্ধমানের কোন কোন রুটে মিনিবাস বন্ধ থাকবে?

    পূর্বাশা বাসস্ট্যান্ড থেকে আলিশা বাসস্ট্যান্ড এবং পূর্বাশা থেকে পূর্তভবন রুটে মিনিবাস পরিষেবা বন্ধ থাকবে।

    ৩. কেন মিনিবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

    বাসকর্মীদের অভিযোগ, টোটো ও অটোর অতিরিক্ত দৌরাত্ম্যের কারণে বাসের যাত্রী ও আয় কমে গিয়েছে।

    ৪. কতগুলি মিনিবাস এই সিদ্ধান্তের আওতায় পড়ছে?

    ওই দুই রুট মিলিয়ে প্রায় ৮০টি মিনিবাস চলাচল করে বলে জানা গিয়েছে।

    ৫. বাস মালিক সংগঠন কি বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে?

    না। বাস মালিক সংগঠনগুলির দাবি, অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের সিদ্ধান্ত কর্মীদের এবং সংগঠন এই সিদ্ধান্ত নেয়নি।

  • Link to this news (এই সময়)