সীমাঞ্চল এক্সপ্রেসের জানলা দিয়ে পড়ে মৃত্যু হলো ৯ মাসের শিশুর। শুক্রবার দিল্লি থেকে বিহারে যাওয়ার পথে উত্তরপ্রদেশের ফৈজুল্লাপুর স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ, শিশুকে খাওয়ানোর সময়ে ঘুমিয়ে পড়েছিলেন মা। সেই সময় কোল থেকে পিছলে চলন্ত ট্রেনের জানলা দিয়ে বাইরে পড়ে যায় শিশুটি।
দিল্লির সীতাপুরে থাকেন মোহন কুমার। পেশায় ক্লার্ক। স্ত্রী কাজল এবং ৯ মাসের ছেলেকে নিয়ে বিহারের বেগুসরাইয়ের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি। আনন্দ বিহার থেকে সপরিবার সীমাঞ্চল এক্সপ্রেসে ওঠেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহন শৌচাগারে গিয়েছিলেন। সেই সময়ে ছেলেকে খাওয়াচ্ছিলেন কাজল।
অভিযোগ, খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। আচমকাই কোল থেকে শিশুটি পিছলে গিয়ে ফৈজুল্লাপুর স্টেশনের কাছে চলন্ত ট্রেনের এমার্জেন্সি উইন্ডো দিয়ে বাইরে পড়ে যায়। শৌচাগার থেকে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যান মোহন। গোটা কামরায় তন্নতন্ন করে খুঁজেও কোনও হদিশ মেলে না।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিশুটি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছে বুঝতে পেরেই খাগা ও সিরাথুর মাঝামাঝি জরুরি চেন টানার চেষ্টা করেছিলেন মোহন। কিন্তু তাঁর অভিযোগ, সহযাত্রী এবং ট্রেনের নিরাপত্তা কর্মীরা তাঁকে বাধা দেন। তাঁদের বক্তব্য ছিল, ওই এলাকা জঙ্গলে ঘেরা। সেখানে ট্রেন থামালে সাহায্য পাওয়া কঠিন হতে পারে। এর পরে প্রয়াগরাজে নেমে জিআরপি-কে গোটা ঘটনা জানান তাঁরা।
সঙ্গে সঙ্গে ফতেহপুর জিআরপির এসও বিনোদ কুমার এবং আরপিএফের কোম্পানি কম্যান্ডার রাজিন্দর কুমারের নেতৃত্বে শুরু হয় যৌথ তল্লাশি। শেষে শনিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ ফৈজুল্লাপুর স্টেশনের কাছে রেললাইনের ধারে একটি ঝোপ থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। জিআরপি-র এসপি প্রশান্ত কুমার জানিয়েছেন, পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিল শিশুটি। তাতেই মৃত্যু হয় তার।
ঘটনাটি কোথায় ঘটেছে?
উত্তরপ্রদেশের ফৈজুল্লাপুর স্টেশনের কাছে সীমাঞ্চল এক্সপ্রেসে এই দুর্ঘটনা ঘটে।
কী ভাবে ট্রেন থেকে পড়ে যায় শিশুটি?
পুলিশি তদন্ত অনুযায়ী, মা কাজল শিশুকে খাওয়ানোর সময়ে ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় তাঁর কোল থেকে শিশুটি পিছলে জরুরি জানলা দিয়ে বাইরে পড়ে যায়।
শিশুটির দেহ কোথা থেকে উদ্ধার হয়?
ফৈজুল্লাপুর স্টেশনের কাছে রেললাইনের ধারে একটি ঝোপ থেকে শনিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ দেহ উদ্ধার হয়।
বাবা কি ট্রেন থামানোর চেষ্টা করেছিলেন?
হ্যাঁ। মোহন জরুরি চেন টানার চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে। তবে তাঁর অভিযোগ, সহযাত্রী ও নিরাপত্তাকর্মীরা তাঁকে বাধা দেন।
শিশুটির কী ভাবে মৃত্যু হয়?
জিআরপি-র এসপি জানিয়েছেন, চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে। তাতেই তার মৃত্যু হয়।