• পার্কিং নিয়ে বচসায় লোহার রড নিয়ে হামলা, হাত ভাঙল ‘অপারেশন সফেদ সাগরের’ সৈনিকের, চোট মাথাতেও
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • পার্কিং নিয়ে বিবাদের জেরে কার্গিল যুদ্ধের সময়ে ‘অপারেশন সফেদ সাগরের’ সৈনিক তথা বায়ুসেনার প্রাক্তন গ্রুপ ক্যাপ্টেন অমিত গুপ্তাকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠল। বৃহস্পতিবার গুরুগ্রামের ঘটনা। তবে বিষয়টি প্রকাশ্যে এসেছে রবিবার। মারের চোটে অমিতের বাঁ হাত ভেঙে গিয়েছে বলে অভিযোগ। গুরুতর চোট পেয়েছেন মাথাতেও। অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সপরিবার ম্যাগনাম গ্লোবাল পার্কের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন অমিত। স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নামিয়ে গাড়ি পার্ক করতে যান তিনি। সেই সময়েই এই ঘটনা ঘটে। অমিতের অভিযোগ, পার্কিংয়ের কর্মীরা কখনও তাঁকে কখনও বেসমেন্টে, কখনও মাল্টিলেভেল পার্কিংয়ে যেতে বলেন। শেষ পর্যন্ত অমিতের গাড়ি পার্ক করতেই তাঁরা অস্বীকার করেন বলে অভিযোগ।

    এই পরিস্থিতিতে গাড়ি ঘুরিয়ে বেরোতে যাচ্ছিলেন তিনি। তখনই পার্কিংয়ের এক কর্মী উইন্ডশিল্ড ভাঙার চেষ্টা করেন বলে অভিযোগ অমিতের। তিনি গাড়ি থেকে নেমে প্রতিবাদ করতেই ওই কর্মী লোহার রড নিয়ে হামলা চালায়। অমিতের কথায়, ‘প্রথমে আমার হাতে, তার পরে মাথায় মারে। জামা-কাপড় রক্তে ভেসে যাচ্ছিল।’

    অভিযোগ, হামলার পর তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। ঘটনাস্থলে নিরাপত্তারক্ষী এবং পার্কিংয়ের অন্য কর্মীরা থাকলেও কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি বলে দাবি অমিতের। তাঁর আরও অভিযোগ, পুলিশ হেল্পলাইনে ফোন করার পরেও প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। শেষ পর্যন্ত রেস্তোরাঁর এক শেফ ওই কর্মীকে আটকান বলে জানিয়েছেন অমিত।

    মাথা ও কনুইয়ে গুরুতর চোট নিয়ে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পরে তাঁর হাতে প্লেট বসান চিকিৎসকরা। হাসপাতালের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। অমিতের দাবি, তাঁর মেডিকো-লিগ্যাল কেস বা এমএলসি রিপোর্টে মাথা থেকে রক্তপাত এবং কনুইয়ের চোটের উল্লেখ নেই। একই সঙ্গে পুলিশ কোনও সহযোগিতা করছে না বলেও অভিযোগ অমিতের।

    কোথায় হামলার ঘটনা ঘটেছে?

    গুরুগ্রামের ম্যাগনাম গ্লোবাল পার্কের একটি রেস্তরাঁয় খেতে গিয়ে পার্কিং নিয়ে এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

    অমিত গুপ্তা কে?

    অমিত গুপ্তা ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন এবং ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে ‘অপারেশন সফেদ সাগর’-এর সঙ্গে যুক্ত ছিলেন।

    কী নিয়ে বিবাদ শুরু হয়?

    অমিতের অভিযোগ, পার্কিং কর্মীরা তাঁকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর পর শেষ পর্যন্ত তাঁর গাড়ি পার্ক করতে অস্বীকার করেন।

    হামলায় কী ধরনের চোট পেয়েছেন অমিত?

    তাঁর বাঁ হাত ভেঙেছে এবং মাথা ও কনুইয়ে গুরুতর চোট লেগেছে বলে অভিযোগ।

    অভিযুক্তকে কি গ্রেপ্তার করা হয়েছে?

    না, অমিতের অভিযোগ অনুযায়ী ঘটনার সময় পার্কিংয়ের এক কর্মী হামলা চালান; অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

  • Link to this news (এই সময়)