সাতসকালে বাঁকুড়া সদর থানার এক্তেশ্বর ব্রিজের কাছে দুর্ঘটনা। দুর্গাপুরের দিক থেকে আসা একটি ছোট চারচাকা গাড়ি বাসকে অতিক্রম করতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাইককে ধাক্কা মেরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিকেও ধাক্কা মারে। ঘটনায় বাইকে থাকা একটি শিশু-সহ তিনজন জখম হয়েছে। জানা গিয়েছে, গাড়ির চালক ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডীর স্বামী তুহিন মান্ডি।
মুর্শিদাবাদের সালার থানার খাঁড়েরা গ্রামে রবিবার রাতে। জুয়ার আসরে পুলিশ অভিযান চালায়। সেই সময়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর জখম হন সালার থানার এএসআই সাদেক আলি। তাঁকে গুরুতর জখম অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরে ওই রাতেই গ্রামে পৌঁছন মুর্শিদাবাদ পুলিশ জেলার পদস্থ আধিকারিকেরা।
দিল্লির স্বরূপনগরে রবিবার গভীর রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেখানকার একটি মাঠ থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। ওই ব্যক্তির গলায় ও বুকে গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, ২-৩ দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। দেহ পোস্টমর্টেমে পাঠিয়েছে পুলিশ। ব্যক্তির পরিচয় জানারও চেষ্টা চলছে।
দু’দিনের সাময়িক বিরতির পরে ফের বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ সেপ্টেম্বরও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রঘুনাথগঞ্জ থানার তারানগর সংলগ্ন রাধাকৃষ্ণপুর এলাকায় গত কয়েক দিন ধরেই নদীর ভাঙন চলছিল। তবে রবিবার সন্ধ্যায় আচমকাই ভাঙনের তীব্রতা বেড়ে যায়। নদীর পাড়ের বড় একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই ভাঙনের সঙ্গেই নদী গর্ভে তলিয়ে যায় এলাকার পুরোনো মনসা মন্দিরটি।
দুবাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জিতেও মহসিন নকভির হাত থেকে ট্রফি নিলেন না হরমনপ্রীত কৌররা। এই নিয়ে ফের নতুন করে শুরু হলো বিতর্ক। সূর্যকুমাররাও গত বছর এশিয়া কাপ জিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন।