• সালারে জুয়ার ঠেকে পুলিশ পৌঁছতেই পর পর বোমা, রক্তাক্ত অফিসারকে আনা হলো মুর্শিদাবাদ মেডিক্যালে
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • সালারে পুলিশকে লক্ষ্য করে বোমা। জুয়ার ঠেকে হানা দিয়ে দুষ্কৃতীদের বোমার মুখে পুলিশ। মুর্শিদাবাদের সালার থানার খাঁড়েরা গ্রামে রবিবার রাতে জুয়ার আসরে পুলিশ অভিযান চালায়। সেই সময়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর জখম হন সালার থানার এএসআই সাদেক আলি। তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরে রাতেই গ্রামে পৌঁছন মুর্শিদাবাদ পুলিশ জেলার পদস্থ আধিকারিকরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চলে। এ দিকে, পরিস্থিতি সামাল দিতে সোমবার সকালেও খাঁড়েরা গ্রামে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাঁড়েরা গ্রামে একটি জুয়ার আসর চলার খবর পেয়ে রবিবার রাতে সেখানে অভিযান চালায় সালার থানার পুলিশ। অভিযোগ, পুলিশ সেখানে পৌঁছতেই দুষ্কৃতীরা পালানোর সময়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে জখম হন সাদেক আলি। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। রাতেই খাঁড়েরা গ্রামে পৌঁছন জেলা পুলিশের আধিকারিকরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পুলিশ জানায়, বেশ কয়েক জনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

    এ দিন সকাল থেকে খাঁড়েরা গ্রামে পরিস্থিতি থমথমে। নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জুয়ার ঠেকে পুলিশের অভিযানের সময় কী ভাবে এই হামলার ঘটনা ঘটল, হামলায় আরও কেউ জড়িত কি না— তা তদন্ত করে দেখছে সালার থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)