গ্যারেজের ভিতর গাঁজা মজুত করে পাচারের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করল পোলবা থানার পুলিশ।
ঘটনায় বাবু পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি একটি বোলেরো গাড়িও আটক করেছে পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, হুগলির পোলবা থানা এলাকার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পাঁচরখি গ্রামের একটি গ্যারেজে বিপুল পরিমাণ গাঁজা মজুত করা হয়েছে বলে খবর পায় পুলিশ।
গোপন সূত্রে আরও তারা জানতে পারে, রাতের অন্ধকারে গাড়িতে করে ওই গাঁজা পাচারের পরিকল্পনা করা হয়েছিল। এরপর পোলবা থানার ওসি শুভ ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল গ্যারেজে অভিযান চালায়।
অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয় বাবু পাল নামে এক ব্যক্তিকে। তাঁর বাড়ি চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায়। গ্যারেজে তল্লাশি চালিয়ে কিলো কিলো গাঁজা এবং নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি বোলেরো গাড়িও আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে পাঁচরখিতে ওই গ্যারেজ কিনে বেআইনি গাঁজার কারবার চালানোর অভিযোগ রয়েছে বাবু পালের বিরুদ্ধে।
ধৃতকে পোলবা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে সোমবার চুঁচুড়া আদালতে পেশ করা হবে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হয়েছিল।
কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পোলবা থানার পুলিশ। এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।