• এবার বড় মোড় সন্দেশখালির আস্তিক দাসের ঘটনায় ?
    আজকাল | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় মৃত এক প্রবীণ বিজেপি কর্মীর দেহ পাঁচ বছর পর সমাধি থেকে তোলা হল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালির ন্যাজাট থানার কালীনগর অঞ্চলের ঝনঝনিয়া এলাকায় এই ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

    মৃতের নাম আস্তিক চন্দ্র দাস। পরিবারের অভিযোগ, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার সময় তাঁকে মারধর করা হয়। এমনকী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছিল বলে পরিবারের দাবি। পরে বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

    পরিবারের আরও অভিযোগ, সেই সময় পুলিশ তাঁদের লিখিত অভিযোগ নেননি এবং মৃতদেহের ময়নাতদন্তও করা হয়নি। এমনকী ভয় দেখিয়ে দেহ সমাধিস্থ করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের।

    পরবর্তীতে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আস্তিক চন্দ্র দাসের মৃত্যুর ঘটনায় ফের থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই এবার তদন্তে বড় পদক্ষেপ করল পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমাধি থেকে পাঁচ বছর পর দেহটি বার করা হয়।


    দেহ বার করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট, পুলিশ আধিকারিক, চিকিৎসক এবং ফরেনসিক বিভাগের আধিকারিকরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ফরেনসিক পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে।

    দীর্ঘ পাঁচ বছর পর হওয়া ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষায় মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, সেটাই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেই রিপোর্টের ভিত্তিতে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় আস্তিক চন্দ্র দাসের মৃত্যুকে ঘিরে থাকা অভিযোগের তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে।
  • Link to this news (আজকাল)