• পদ্মায় টান, গুজরাত থেকে 'ছোট পমফ্রেটের দরে' বাংলাদেশ গেল 500 মেট্রিক টন ইলিশ
    eTV Bharat | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • হাওড়া, 13 সেপ্টেম্বর: এতদিন বাংলাদেশ থেকে ইলিশ আসত রাজ্যে ৷ পুজোর আগে কলকাতার বাজারে পদ্মার ইলিশ ঘিরে থাকত আলাদা চাহিদা ৷ এবার ছবিটা উলটো ৷ বাংলাদেশে পদ্মা নদী থেকে ইলিশ কম উঠছে ৷ তাই সেই ঘাটতি মেটাতে ভারত থেকে ইলিশ কিনছে বাংলাদেশ ৷ গত দু’-তিন মাসে গুজরাতের ভারুচ বন্দর এবং হাওড়ার পাইকারি মাছ বাজার থেকে প্রায় 500 মেট্রিক টন ইলিশ বাংলাদেশে রফতানি করা হয়েছে ৷ যা বিক্রি করা হয়েছে 600 টাকা কেজি দরে ৷ আগামী এক-দু’সপ্তাহের মধ্যে আরও 150 থেকে 200 মেট্রিক টন ইলিশ রফতানি হবে পদ্মাপাড়ে ৷

    হাওড়া হোলসেল ফিশ মার্কেটের ব্যবসায়ী সৈয়দ আনোয়ার মকসুদ জানাচ্ছেন, এবার বাংলাদেশে গুজরাতের ইলিশ হাওড়া থেকে 600 টাকা কিলো দরে বিক্রি করা হয়েছে ৷ মূলত এইসব ইলিশের পেটে ডিম রয়েছে ৷ বাংলাদেশে ডিম ফ্রিজ করে তা প্রসেস করা হয় ৷ কিন্তু, এবার পদ্মায় ইলিশের ঘাটতি থাকায় তা করতে পারছে না বাংলাদেশের ব্যবসায়ীরা ৷ ফলে গুজরাত থেকে তুলনামূলক কম দামের ডিম থাকা ইলিশ আমদানি করেছে বাংলাদেশ ৷

    হাওড়া হোলসেল ফিস মার্কেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, "আমরা সাধারণত এপার বাংলা থেকে বোয়াল, রুই, পারসে, টেংরা ওপার বাংলায় পাঠাই ৷ তবে এবার ওখানে ইলিশের ঘাটতি থাকায়, প্রথমবার এখান থেকে বাংলাদেশে ইলিশ পাঠানো হল ৷ বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেটে ডিম ভরতি ইলিশের চাহিদা বেশি ৷ যেহেতু গুজরাতের ইলিশে প্রচুর ডিম থাকে, তাই তা ওখানকার মানুষের প্রথম পছন্দ ৷ ওই মাছের ডিম বের করে, তা প্রসেসিং করে বিদেশে রফতানি করে বাংলাদেশ ৷ এছাড়াও ইলিশ মাছ শুকিয়ে (ইলিশ শুটকি) স্থানীয় বাজারে ভালোই বিক্রি হয় ৷"

    ইলিশের এই যাত্রার বিপরীত ছবির মধ্যে পুজোর বাজারের দিকে তাকিয়ে রয়েছেন এপার বাংলার মাছ ব্যবসায়ীরাও ৷ প্রতি বছর পুজোর আগে বাংলাদেশ ও মায়ানমার থেকে ইলিশ আসে কলকাতায় ৷ বাংলাদেশ সরকারও এক সময়ে পুজোর উপহার হিসেবে কলকাতায় ইলিশ পাঠিয়েছে ৷ এবছর পরিস্থিতি কী দাঁড়ায়, তা এখনও স্পষ্ট নয় ৷

    সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, "প্রতি বছর পুজোর আগে এপার বাংলায় সাধারণত বাংলাদেশ এবং মায়ানমার থেকে প্রচুর ইলিশ মাছ আমদানি করা হয় ৷ বাংলাদেশ সরকার কলকাতায় পুজোর উপহার হিসাবে এই ইলিশ মাছ পাঠায় ৷ তবে ওই দেশে নতুন সরকার গঠন হয়েছে ৷ এবছর এপারের মাছ ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের মৎস্য বিভাগের কাছে সরাসরি ইলিশ মাছের জন্য আবেদন করেছেন ৷ এখন দেখার কবে পদ্মার সুস্বাদু ইলিশ মাছ এসে পৌঁছায় কলকাতায় !"

    অর্থাৎ, যে ইলিশ এতদিন বাংলাদেশ থেকে এপারে আসত, সেই মাছই এবার ভারতের জলসীমা পেরিয়ে বাংলাদেশে যাচ্ছে ৷ পুজোর আগে পদ্মার ইলিশ কলকাতার বাজারে ফেরে কি না, এখন সেদিকেই নজর মাছ ব্যবসায়ীদের ৷
  • Link to this news (eTV Bharat)