• উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা কালীঘাট তৃণমূলের
    আজকাল | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রেজিনগর এবং নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। রবিবার সন্ধ্যায় জানানো হয়েছে, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হচ্ছেন সঞ্চিতা প্রধান(দে)।

    অন্যদিকে, রেজিনগর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন রবিউল আলম চৌধুরী। রবিবার সন্ধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘোষণা করা হয়েছে।

    গত কয়েকদিন ধরে প্রতীকের 'লড়াই' চলছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। তবে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। কমিশন শনিবার দু'পক্ষের কথা শুনেছে পুনরায়। তথ্য যাচাই হয়েছে।

    কালীঘাট তৃণমূলকে চিঠিও পাঠিয়েছে। এই পরিস্থিতিতেই দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল কালীঘাট তৃণমূল। তবে কারা প্রার্থী হবেন তা নিয়ে জল্পনা কম ছড়ায়নি গত কয়েকদিনে।

    বিশেষ করে নন্দীগ্রামে কে প্রার্থী হবেন তা নিয়ে একাধিক তথ্য উঠে এসেছে। যাবতীয় জল্পনার মাঝেই অখিল গিরিকে কলকাতায় ডেকে পাঠিয়েছিলেন মমতা। তিনি শনিবার কালীঘাটের বাড়িতে আসেন।

    জানান, দল তাঁকে যে দায়িত্ব দেবে তা মানবেন। তবে সূত্রের খবর  প্রার্থী হওয়ার বিষয়ে ষোলো আনা আগ্রহ তাঁর নেই। কালীঘাট সূত্রে খবর, অখিল নন, পবিত্র করের মতোই নন্দীগ্রামের 'ঘরের' কাউকে প্রার্থী করতে চাইছে কালীঘাট তৃণমূল।




    সেখানে পোড় খাওয়া অখিল গিরিকে ভোট প্রক্রিয়া সামলানোর দায়িত্ব দেওয়া হতে পারে। অখিল নিজেই জানিয়েছেন, তিনিও চান এলাকার কোনও মহিলাকে প্রার্থী করা হোক এই ভোটে। সেই খবরই সত্যি হল। নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হল সঞ্চিতা প্রধানকে।

    অন্যদিকে, তবে মমতা পন্থী তৃণমূল নেতা তথা রেজিনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী এর আগে জানিয়েছিলেন, 'ওই  শিবির (পড়ুন ঋতব্রত শিবির) প্রার্থী দিতে পারে কিন্তু মানুষ ওদের তৃণমূল কংগ্রেস মনে করে না। এখানকার মানুষ ওই শিবিরের লোকদেরকে 'বালিশ চাটা' বলে।'

    তিনি বলেন, 'তৃণমূল কংগ্রেস দলের সংবিধান অনুযায়ী মমতা ব্যানার্জি এখনও দলের চেয়ারম্যান এবং তাঁর হাতেই প্রার্থীকে প্রতীক দেওয়ার ক্ষমতা রয়েছে। মমতা ব্যানার্জির ছবি আর প্রতীক ছাড়া ওই শিবির নির্বাচনে লড়াই করলে তারা 'নোটা'র থেকে কম ভোট পাবে।'

    আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনের রবিউল আলম চৌধুরী তৃণমূলের প্রতীকে লড়াই করবেন কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন ,'দল যদি প্রার্থী হিসেবে আমার নাম ভাবে তাহলে ভেবে দেখব।  আমি কর্মীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।'

    তবে নন্দীগ্রাম এবং রেজিনগরের পাশাপাশি অসমের নগাঁও উপনির্বাচনেও প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। জানানো হয়েছে, নগাঁওতে মমতা ব্যানার্জির তৃণমূলের হয়ে লড়বেন আব্দুল সালাম।
  • Link to this news (আজকাল)