শ্রেয়সী পাল: আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনের জন্য শনিবারই বামফ্রন্টের তরফ থেকে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। বামফ্রন্টের ঘোষিত তালিকা অনুযায়ী এবার রেজিনগর উপনির্বাচনে সিপিআইএমের প্রতীকে লড়বেন আইনজীবী সাঈদ।
যদিও রেজিনগর কেন্দ্রে 'একতরফাভাবে' সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা বামফ্রন্টের অন্যতম বড় শরিক আরএসপি একদমই সহজ ভাবে নেয়নি। গতকালই আরএসপি-র মুর্শিদাবাদ জেলা সম্পাদক নওফেল মহাঃ সফিউল্লা সাফ জানিয়ে দিয়েছিলেন, সিপিআইএমের ঘোষিত প্রার্থী বামফ্রন্টের প্রার্থী নন। তারপরই আরএসপি-র তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল রেজিনগর কেন্দ্রে তারাও প্রার্থী দেবেন।
সেই জল্পনা সত্যি করে রবিবার আরএসপি-র তরফ থেকেও ঘোষণা করে দেওয়া হল তাদের প্রার্থীর নাম। রেজিনগর উপনির্বাচনে আরএসপি-র প্রতীকে লড়তে চলেছেন বিকাশ চন্দ্র মিশ্র। রেজিনগরের দাদপুর গ্রামের বাসিন্দা বিকাশবাবু আরএসপি-র রেজিনগরের লোকাল কমিটির সম্পাদক এবং দলের জেলা কমিটির সদস্য।
আরএসপি-র তরফে জানানো হয়েছে ডিলিমিটেশনের পর রেজিনগর বিধানসভা তৈরি হওয়ার আগে ওই কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ভরতপুর, নওদা এবং বেলডাঙা বিধানসভার অন্তর্ভুক্ত ছিল। এই তিনটি বিধানসভা কেন্দ্রেই আরএসপি প্রার্থী দিত।
তাই স্বাভাবিক নিয়মে ২০১১ সালে প্রথমবার রেজিনগর বিধানসভা নির্বাচনে আরএসপি তরফ থেকে সিরাজুল ইসলাম মন্ডল আরএসপি-র প্রতীকে ওই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১৩ উপ নির্বাচনেও আরএসপি তরফ থেকে তিনি ওই কেন্দ্রে প্রার্থী ছিলেন।
যদিও কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার কারণে ২০১৬ এবং ২০২১ বিধানসভা নির্বাচনে আরএসপি ওই কেন্দ্রটি কংগ্রেসকে ছেড়ে দিয়েছিল। এমনকি ২০২৪-এর লোকসভা নির্বাচনে আরএসপি-র তরফ থেকে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে সমর্থন জানানো হয়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সহমতের ভিত্তিতে রেজিনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল সোসালিস্ট পার্টির তুষার কান্তি চ্যাটার্জী।
রাজ্য আরএসপি-র এক নেতা বলেন," হুমায়ুন কবীর রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে পদত্যাগ করার পরই আমরা জানতাম সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তাই জুন মাসের প্রথম সপ্তাহে বামফ্রন্টের বৈঠকে আমাদের তরফ থেকে বামেদের সমস্ত শরীককে জানিয়ে দেওয়া হয়েছিল আমরা পুনরায় রেজিনগর আসনে লড়তে চাই এবং তার জন্য যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। একই সময়ে মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের 'কনভেনার'কেও আরএসপি-র তরফ থেকে গোটা বিষয়টি জানানো হয়েছিল।"
আরএসপি-র মুর্শিদাবাদ জেলা সম্পাদক নওফেল দাবি করেন," এরপর গত ৬ সেপ্টেম্বর রেজিনগর উপনির্বাচনের দিন ঘোষণা পর্যন্ত বামফ্রন্টের কোনও বৈঠকে রেজিনগর উপনির্বাচন নিয়ে আরএসপি-র সঙ্গে কোনও আলোচনা করেনি রাজ্য বা জেলা বামফ্রন্ট। গত ১০ সেপ্টেম্বর বামফ্রন্টের বৈঠকে হঠাৎ করেই সিপিআইএম দাবি করে বসে রেজিনগর উপনির্বাচনে তারা ওই কেন্দ্রে লড়তে চায়।"
সূত্রের খবর প্রাথী ঠিক করা নিয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আরএসপি এবং সিপিআইএমের মধ্যে আলোচনা চলছিল কিন্তু কোনও দলই সহমত হতে পারেনি। আরএসপি-র রাজ্য সম্পাদক তপন হোড় প্রেস বিবৃতি জারি করে জানিয়েছেন ,"সহমতে পৌঁছনোর আগেই ১২ সেপ্টেম্বর বিকেলে রেজিনগরে বামফ্রন্টের প্রার্থী হিসেবে সিপিআইএমের প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়। যা অনৈতিক বলে আরএসপি মনে করে।"
আজ ফের রেজিনগর উপনির্বাচন নিয়ে রাজ্য বামফ্রন্ট বৈঠকে বসে। কিন্তু সেখানেও সমাধান সূত্র না মেলায় সন্ধের পর আরএসপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দেয়।
নওফেল বলেন,"আমরা গত জুন মাসেই রাজ্য বামফ্রন্টকে আমরা জানিয়ে রেখেছিলাম রেজিনগর উপনির্বাচনে লড়তে চাই। তখন থেকেই আমাদের দলের তরফ থেকে উপনির্বাচনে লড়ার জন্য যাবতীয় সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করেই সিপিআইএম ওই কেন্দ্রে প্রার্থী দিতে চাওয়ায় প্রশ্ন উঠেছে কেন তারা এতদিন এই বিষয় নিয়ে বামফ্রন্টের কোনও বৈঠকে আলোচনা করেনি।"
সূত্রের খবর, রাজ্য বামফ্রন্টের বৈঠকে আজ আরএসপি-র প্রতিনিধি জানিয়ে দেন, এতদিন প্রস্তুতি নেওয়ার পর তাঁদের পক্ষে আর রেজিনগর উপনির্বাচনের না লড়ে পিছিয়ে আসা সম্ভব নয়।
নওফেল বলেন," দেবসরণ ঘোষ, জয়ন্ত বিশ্বাস, বাসুদেব রায়চৌধুরীর মত প্রবাদপ্রতিম আরএসপি নেতারা রেজিনগরের মানুষের জন্য লড়েছেন। তার দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা তারই উত্তরাধিকারী। সাম্প্রতিক সময়ে রেজিনগরকে সাম্প্রদায়িক রাজনীতির আঁতুরঘর বানানোর চেষ্টা চলছে। আরএসপি এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে। তাই রেজিনগরে আমরা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।"
সিপিআইএম থেকে তৃণমূল কংগ্রেস তারপর কংগ্রেসের হাত ধরে ফের সিপিআইএম দলে ফিরে আসা বাম প্রার্থী সাঈদকে কটাক্ষ করে আরএসপি-র জেলা সম্পাদক বলেন," এতো সুবিধাবাদের রাজনীতি।" তবে বামেদের দুই শরিকের মধ্যে উপনির্বাচনে লড়াই অনভিপ্রেত বলেই মত আরএসপি জেলা সম্পাদকের। তবে তিনি জানিয়েছেন," লড়াই কখনও বন্ধুত্বপূর্ণ হয় না। "
তাই আসন্ন রেজিনগর উপনির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন হুমায়ুন কবীরের ছেড়ে যাওয়া আসনটি ছিনিয়ে নেওয়ার লড়াই থাকবে তেমনই বামেদের দুই বড় শরিকও নিজেদের মধ্যে আলাদা করে 'শ্রেষ্ঠত্বের' প্রতিযোগিতায় নামতে চলেছে। সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, "আরএসপি যদি প্রার্থী ঘোষণা করে থাকে তাহলে এই নিয়ে যা বলার রাজ্য বামফ্রন্ট থেকেই বলা হবে। তবে প্রার্থী ঘোষণা করা মানেই প্রতিদ্বন্দ্বিতা করবে এমন নয়। প্রার্থী পদ প্রত্যাহারও হতে পারে।"