• পূর্ব মেদিনীপুরের জুনপুটে DRDO-র ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র! কর্মসংস্থান থেকে শিল্প, কী কী লাভ হবে বাংলার
    News18 বাংলা | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের জুনপুটে হতে চলেছে DRDO-র ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র৷ ইতিমধ্যেই সম্মতি দিয়েছে রাজ্য সরকার৷ জুনপুটে DRDO-র ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র হলে বাংলার কী লাভ? প্রশাসনিক মহলের ব্যাখ্যা অনুযায়ী কী কী লাভ হতে পারে তা দেওয়া হল-

    ১) প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের মানচিত্রে গুরুত্ব বাড়বে বাংলার — জুনপুটে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকাঠামো তৈরি হলে পূর্ব ভারতে প্রতিরক্ষা গবেষণা ও পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে পশ্চিমবঙ্গ।

    ৩)ছোট ও মাঝারি শিল্পের সামনে খুলতে পারে বড় বাজার — যন্ত্রাংশ নির্মাণ, ধাতব কাঠামো, বৈদ্যুতিক সরঞ্জাম, মেরামত ও রক্ষণাবেক্ষণ-সহ একাধিক সহযোগী শিল্প DRDO-র সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারে।

    ৪) জুনপুট–হলদিয়া শিল্পাঞ্চলের গুরুত্ব বাড়তে পারে — হলদিয়া বন্দর ও হলদিয়া শিল্পাঞ্চলের শিল্প পরিকাঠামোর সহজলভ্যতাকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন, পরিবহণ ও সরবরাহ ব্যবস্থার নতুন কেন্দ্র তৈরির সম্ভাবনা থাকবে।

    ৫) প্রত্যক্ষের পাশাপাশি পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ — প্রযুক্তিবিদ, দক্ষ কারিগর, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ বিশেষজ্ঞের পাশাপাশি পরিবহণ, নির্মাণ, নিরাপত্তা ও পরিষেবা ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

    ৬) স্থানীয় পরিকাঠামো উন্নয়নের সম্ভাবনা — কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্রকে ঘিরে রাস্তা, বিদ্যুৎ, যোগাযোগ, পরিবহণ এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামোয় সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়তে পারে।

    ৭) উচ্চপ্রযুক্তি ও গবেষণার নতুন ক্ষেত্র — রাজ্যের প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রগুলির সঙ্গে ভবিষ্যতে প্রতিরক্ষা প্রযুক্তি, সেন্সর, যোগাযোগ ও উন্নত উপকরণ নিয়ে গবেষণার সুযোগ তৈরি হতে পারে।

    ৮) প্রতিরক্ষা শিল্পগুচ্ছ গড়ে তোলার ভিত্তি তৈরি হতে পারে — রাজ্যে আগামী দিনে শিল্প নীতি ও বিনিয়োগে উৎসাহ দিলে জুনপুট–হলদিয়া অঞ্চলকে কেন্দ্র করে ভবিষ্যতে প্রতিরক্ষা সরঞ্জাম ও যন্ত্রাংশ তৈরির সহযোগী শিল্পগুচ্ছ গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

    ৯) রাজ্যে বড় শিল্প টানার ক্ষেত্রেও ইতিবাচক বার্তা — DRDO-র মতো কৌশলগত জাতীয় সংস্থার প্রকল্প বাস্তবায়িত হলে উচ্চপ্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের বিনিয়োগকারীদের কাছে পশ্চিমবঙ্গের গ্রহণযোগ্যতা বাড়তে পারে।

    ১০) সামগ্রিক ভাবে পূর্ব মেদিনীপুরের অর্থনীতিতে প্রভাব — শিল্প, নির্মাণ, পরিবহণ, পরিষেবা এবং স্থানীয় ব্যবসায় নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হলে তার সুফল বৃহত্তর এলাকার অর্থনীতিতেও ছড়িয়ে পড়তে পারে।
  • Link to this news (News18 বাংলা)