আজকাল ওয়েবডেস্ক: এখনও খোঁজ মেলেনি স্ত্রীর। তার মধ্যেই সংবাদমাধ্যমের উদ্দেশে বার্তা দিলেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়।
এদিন সমাজমাধ্যমে শুভ্রাংশু লেখেন, "সমস্ত সংবাদমাধ্যমের (সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়া ও নিউজ পোর্টাল) কাছে আমার বিনীত অনুরোধ, কোনো অতিরঞ্জিত খবর প্রচার করবেন না। আমি আবারও বলছি আমার এখনও বিশ্বাস যে, এই ৩২ জন ভালো আছে। কিন্তু তার মানে এই নয় যে, তাদের কারো সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ হয়েছে। আশা করি, আমার এই বিনীত অনুরোধ আপনারা যথাযথ সহানুভূতির সাথে বিবেচনা করবেন।" প্রসঙ্গত, ২৬ অগাস্ট নেপাল বিপর্যয়ের দিন থেকেই নিখোঁজ শুভ্রাংশুজায়া শর্মিষ্ঠা।
সম্প্রতি শুভ্রাংশুর একটি ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়। শুক্রবার সংবাদমাধ্যমে পাওয়া চিনের বিদেশ মন্ত্রকের একটি সাংবাদিক বৈঠকের ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, "করজোড়ে ও আশাবাদী হৃদয়ে আমরা ৫০০ জনেরও বেশি আটকে পড়া ব্যক্তিকে উদ্ধারের এই ভিডিওটি শেয়ার করছি। আমরা ভারত সরকারকে বিনীত ভাবে অনুরোধ করছি, এই রিপোর্টগুলো যাচাই করে আমাদের প্রিয়জনদের বিষয়ে সরকারি ভাবে কিছু জানান। কারণ আমাদের আশা যে অনেকেই এখনও দুর্গম এলাকায় আটকে আছেন এবং উদ্ধারের অপেক্ষা করছেন।"
এরপরই জল্পনা শুরু হয়, তবে কি অবশেষে খোঁজ মিলেছে নিখোঁজ বাঙালি পর্যটকদের? শুভ্রাংশুর সাম্প্রতিকতম পোস্টে সেই বিষয়টিতেই আলোকপাত করা হয়েছে।