• সালারে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি, জখম ASI
    আজকাল | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে  আক্রান্ত হল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদের সালার  থানার অন্তর্গত খাড়েরা গ্রামে। বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন সালার থানার এক এএসআই-সহ একাধিক পুলিশকর্মী। পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনা যুক্ত থাকার অভিযোগে চার ব্যক্তিকে এখনও পর্যন্ত আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বেশ কিছুদিন ধরে সালার থানার খাড়েরা মোড়ের কাছে কিছু ব্যক্তি রোজ রাতের বেলায় জুয়ার আসর বসাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সালার থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালাতে যায়। অভিযোগ উঠেছে, পুলিশ জুয়ার ঠেকগুলোতে হানা দিতেই হঠাৎই কিছু দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করা শুরু করে। বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন সালার থানার এএসআই সাদেক আলী-সহ একাধিক পুলিশকর্মী। বোমাবাজির ঘটনায়  মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

    বোমার আঘাতে আহত এএসআই সাদেক আলী-সহ বাকি পুলিশ কর্মীদের দ্রুত উদ্ধার করে সালার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, এএসআই সাদেক আলীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। 

    স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, গতকাল যে এলাকায় পুলিশ আক্রান্ত হয়েছে দু'দিন আগে তার থেকে দেড় কিলোমিটার দূরে চারজন ছাত্রীর  শ্লীলতাহানির চেষ্টা করেছিল কিছু দুষ্কৃতী। সেই ঘটনার পর থেকে ওই এলাকার সমস্ত রকম অসামাজিক কাজ বন্ধ করতে তৎপর হয়ে সালার থানার পুলিশ। তারই অংশ হিসেবে গতকাল রাতে খাড়েরা মোড়ের কাছে পুলিশ জুয়ার ঠেকে হানা দেয়। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে খাড়েরা  গ্রামে যখন পুলিশ হানা দেয় তখন বেশ কয়েকটি বোর্ডে তাসের আসরে জুয়া খেলা হচ্ছিল। সালার  থানার এএসএস-কে লক্ষ্য করে বোমা ছোড়া হতেই বাকি পুলিশ কর্মীরা ছত্রভঙ্গ হয় হয়ে যায়। সেই সুযোগে সমস্ত 'বোর্ড মানি' নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় বাকি দুষ্কৃতীরা। তাদের সন্ধানে এখনও সালার থানার পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে।

    সালার থানার অন্তর্গত ভরতপুর বিধানসভার ৩ নম্বর মণ্ডল সভাপতি সঞ্জীব ঘোষ বলেন, "পুলিশের ওপর বোমা মারার ঘটনা কোনওমতেই মেনে নেওয়া সম্ভব না। আমরা প্রশাসনকে অনুরোধ করেছি দ্রুত সমস্ত দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য।"
  • Link to this news (আজকাল)