আজকাল ওয়েবডেস্ক: পুরোভোটের আগেই চমক। সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরের রবিবার আচমকা হাজির হন ১১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পারিষদ তারক সিং। একেবারে সপরিবারে। তারকের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ছেলে অমিত সিং ও মেয়ে কৃষ্ণ সিং। আচমকাই সল্টলেকের বিজেপি দপ্তরে উপস্থিত হন। সামনেই কলকাতা পুরসভা নির্বাচন তার আগেই হঠাৎ বিজেপি দপ্তরে তারক সিং এর উপস্থিতি স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য যে সময়ে তিনি সল্টলেকের বিজেপি কার্যালয়ে যান, সেই সময়ে বিজেপি অফিসে উপস্থিত ছিলেন সুনীল বানসাল ও শমিক ভট্টাচার্য।
তারক সিং জানিয়েছেন তাঁর এলাকায় টাকা তোলার মিথ্যে অভিযোগ তুলে ফাঁসানো হচ্ছে, যার কোনও সত্যতা নেই। আর ঠিক সেই কারণেই রাজ্য বিজেপি দপ্তরে তিনি জানাতে হিয়েছিলেন।
সুনীল বানসালের সঙ্গে দেখা হয়েছে আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে। রাজ্য পুলিশের কাছে অভিযোগ জানিয়ে থানায় অভিযোগ জানিয়ে কোনওরকম সুরাহা মেলেনি বলেও তাঁর অভিযোগ।
স্থানীয় বিধায়ককে অভিযোগ জানিয়েও কোনও সহযোগিতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন। আর কোনওদিক থেকে সুরাহা না মেলাতেই নাকি তিনি হাজির হয়েছেন বিজেপি দপ্তরে বিজেপির নেতৃত্বের কাছে অভিযোগ জানাতে, এমনটাই দাবি তারক সিং-এর।
এদিন তৃণমূলের শিবির ভাগ, লোগো নিয়ে টানাটানির মাঝেই তারক বলেন, 'কোন তৃণমূল ঘনিষ্ঠ সেটা আপনারা বলছেন এ বিষয়ে আমি কোন আলোচনায় যাব না। লোগো নিয়ে কি ঝঞ্ঝাট ঝামেলা সেটা নিয়েও এখন কোন কথা বলবো না। আর ভোট সিং পরিবারে হয় না মানুষের জন্য নির্বাচন হয় সে নির্বাচনের প্রস্তুতি রাজনৈতিক দলের থাকে।'