• কলকাতা বিমানবন্দরে হঠাৎই জরুরি অবতরণ বিমানের
    আজকাল | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা বিমানবন্দরে হঠাৎ জরুরি অবতরণ ব্যাঙ্ককগামী বিমানের। জানা গিয়েছে, BS৫০১ এয়ারওয়েস বিমানটি প্যারিস থেকে ব্যাঙ্ককের উদ্দেশে রওনা দিয়েছিল। সেই সময় বিমান মাঝ আকাশে থাকতেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জ্বালানি সংকট হয়। তৎক্ষণাৎ পাইলটের তৎপরতায় সবুজ সঙ্কেত মেলার পরেই কলকাতায বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। 

    সূত্রের খবর, ওই বিমানটি রবিবার প্যারিস থেকে ব্যাঙ্ককের উদ্দেশে যাচ্ছিল। কলকাতার আকাশে হঠাৎই গোলোযোগ শুরু হয় বিমানে। যার জেরে কলকাতার আকাশেই বেশ কয়েকবার চক্কর কাটতে থাকে বিমানটি।  পাইলট পরীক্ষা করে দেখেন বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। এমনকি ফুরিয়ে আসছে জ্বালানিও। এরপর সঙ্গে সঙ্গে কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। জরুরি ভিত্তিতে তারপরেই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ওই বিমান। 

    জানা গিয়েছে, ২৬৮ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার নিয়ে বিমানটি আকাশসীমা পার হচ্ছিল। দুর্ঘটনা এড়ানোয় সকলেই সুস্থ রয়েছেন। বিমান থেকে নামিয়ে তাঁদের আপাতত একটি নিকটবর্তী হোটেলে রাখা হয়েছে বলে খবর। তবে এখনও বিমানের মেরামতি সম্পূর্ণ হয়নি। যান্ত্রিক ত্রুটি মেরামতে আর কতক্ষণ লাগবে, তা জানা যায়নি। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার আর কোন ব্যবস্থা গ্রহণ করা হবে, তা-ও জানানো হয়নি। 

    অন্য দিকে, আজ সকালেই ভোপাল থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান জয়পুরে জরুরি অবতরণ করে। ভোপাল থেকে যাত্রা শুরুর পরেই বিমানে যান্ত্রিক ত্রুটি নজরে আসে। এরপর একই ভাবে বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। বিমানের জরুরি অবতরণ করানো হয় জয়পুর বিমানবন্দরে। 

     
  • Link to this news (আজকাল)