• ভেসে গিয়েছে ছেলে, চার দিন ধরে নদীর তীরে অপেক্ষায় মা!
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • শ্রীনগর: চারদিন অতিক্রান্ত। কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়েছে। সবাই মেনে নিলেও এখনও অপেক্ষায় ‘অবুঝ’ মা। পাহাড়ি এলাকার বুক চিরে বয়ে চলেছে খরস্রোতা নদী নালা মদুমতী। নদীর কাছে মায়ের কাতর আরজি— ‘শেষবারের জন্য একবার মোমিনকে দেখতে চাই’। পরিবার-প্রতিবেশীরা বারবার বুঝিয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। জলের তোড়ে ভেসে যাওয়া ছেলেকে ফিরে পেতে নদীর তীরে ঠায় বসে শাহীনা। উত্তর কাশ্মীরের বান্দিপোরার ঘটনা।

    দিন চারেক আগে বন্ধুদের সঙ্গে নদীর তীরে সাইকেল নিয়ে বেরিয়েছিল বছর দশেকের মোমিন আশিক। ঘুরতে ঘুরতে সে দেখে নদীতে একটি বল ভাসছে। বল তুলতে গিয়েই নদীর জলে তলিয়ে যায় আশিক। চারদিন ধরে অনেক খোঁজাখুঁজির পর আশা ছেড়ে দিয়েছেন বান্দিপোরার কালুসার গানাই মহল্লার বাসিন্দারা। মোমিনরে এক বন্ধুর কথায়, বলটি তুলে এক বন্ধুর দিকে ছুড়ে দেয় মোমিন। তারপর আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। নদীর জলে ভেসে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এই ঘটনার কিছুক্ষণ আগেই  কিষাণগঙ্গা নদী জলবিদ্যুৎ প্রকল্প থেকে জল ছাড়া হয়েছিল। নদীর জলস্তর বেড়ে গিয়েই বিপত্তি ঘটে।

    শাহীনার কথায়, ‘ওইদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় ও বাড়ি থেকে বেরিয়েছিল। ১০ মিনিট পর প্রতিবেশীদের চিৎকার শুনে বেরিয়ে আসি। শুনতে পাই নদীতে ভেসে গিয়েছে ছেলে। আর কোনো খোঁজ পাইনি। শুধু একটিবার ছেলেকে দেখতে চাই। ও কথা দিয়েছিল ফিরবে।’
  • Link to this news (বর্তমান)