মুম্বই: ভারতে যানজট সমস্যা মেটাতে পুরানো উড়ালপুল বদলে নতুন ফ্লাইওভার তৈরি এবং আধুনিক নির্মাণ প্রযুক্তি গ্রহণ করতে হবে। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এমনই জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকরি। মুম্বইয়ের রাস্তায় তীব্র যানজটের জেরে গাদকরি নিজেও এক ঘণ্টা দেরিতে ওই অনুষ্ঠানে পৌঁছান। এই অবস্থার জন্য মজার ছলে নিজেকেই দায়ী করেন তিনি। বলেন, ‘অনুষ্ঠানে আসতে এক ঘণ্টা দেরি হয়ে গেল। কারণ ওরলি থেকে আসার সময় যানজটে আটকে গিয়েছিলাম। আসলে নিজের ভুলেরই শিকার হতে হল। মহারাষ্ট্রের পূর্তমন্ত্রী হিসাবে ৫৫টি উড়ালপুল, বান্দ্রা-ওরলি সি লিংক এবং মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে তৈরির সুযোগ পেয়েছিলাম। কিন্তু ট্রাফিক সমস্যা মোকাবিলা কীভাবে করা যায়, সেই সংক্রান্ত অত্যাধুনিক প্রযুক্তি সেই সময় ছিল না।’