এই সময়: কলকাতায় যখন রিজ়ার্ভ টিম ব্যস্ত থাকবে লিগ জয়ের লড়াইয়ে, তখন ইস্টবেঙ্গলের সিনিয়র টিম উড়ে গেল জর্ডনে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু–এর গ্রুপ লিগের অভিষেকটা দুরন্তভাবে শুরু করতে চাইছেন লাল হলুদের কোচ আন্তনিও আবাস। জর্ডনের প্রো লিগে তিন বারের সেরা ও চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে দু’বার কোয়ার্টার ফাইনালে খেলা আল হুসেইন খুব শক্তিশালী টিম।
বিশেষ করে ঘরের মাঠে তারা অপরাজেয়। টিমে আছেন বিশ্বকাপে খেলে আসা একাধিক ফুটবলার। এই ম্যাচে তাই বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের।লাল হলুদের মূল সমস্যার জায়গা, তাদের ফরোয়ার্ড লাইনে কোনও বিদেশি ফুটবলার নেই। ভরসা মাঝমাঠের দাপট। মহম্মদ রশিদ, দানি রামিরেসরা অ্যাটাকে থাকা এডমুন্ড, ডেভিড, বিপিন, বিষ্ণুদের কতটা সাহায্য করতে পারবেন, তার উপরই নির্ভর করবে টিমের গোল করা।
এই ম্যাচে খেলতে যাওয়ার আগে ইস্টবেঙ্গলের অভিজ্ঞ স্প্যানিশ কোচ আবাস বলেছেন, ‘আমার ফিলোজফিতে ফুটবলে কেউ জায়ান্ট বা কেউ আন্ডারডগ নয়। আর আমি কখনও ড্রয়ের কথা ভেবে খেলতে নামি না। লক্ষ্য থাকে একটাই, জয়।’
তিনি জুড়েছেন, ‘হয়তো প্রতিপক্ষ আমাদের থেকে ভালো খেলতে পারে। কিন্তু আমাদের বিশ্বাস হারানো যাবে না। সমান তালে লড়াই করতে হবে শেষ মিনিট পর্যন্ত। সেটাই হবে জয়ের সামিল।’
আম্মান স্টেডিয়ামে এই ম্যাচ ১৬ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ন’টা থেকে।