• জমি জালিয়াতি, সিঙ্গুরে ধৃত প্রভাবশালী ঠিকাদার
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জমি জালিয়াতির অভিযোগে সিঙ্গুর থানার পুলিশ এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত অর্ণব সিংহরায়কে রবিবার আদালতে তোলা হয়। ২০১৪ সালে সিঙ্গুরের এক মৃত ব্যক্তির (তারাপদ মণ্ডল) জমি হাতিয়ে বিক্রি করার অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। বস্তুত ২০১৭ সালেই ওই অভিযোগ ওঠে। মৃতের পরিবার এনিয়ে সিঙ্গুরের তদানীন্তন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার দ্বারস্থ হন। কিন্তু অভিযোগ, ঠিকাদার ব্যক্তিটি বেচারাম ও তাঁর স্ত্রী তথা হরিপালের বিধায়ক করবী মান্নার ঘনিষ্ঠ হওয়ায় অভিযোগের সুরাহা হয়নি। সম্প্রতি তারাপদর পরিবারের তরফে বিশ্বনাথ মণ্ডল এনিয়ে নতুন করে অভিযোগ দায়ের করেন। তারপরেই অর্ণবকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বনাথ বলেন, আমাদের বিঘার পর বিঘা জমি কৌশলে দখল করে নিয়ে অন্যায়ভাবে বিক্রি করা হয়েছে। ওই ব্যক্তি পূর্বতন শাসক দলের ঘনিষ্ঠ ছিলেন, তা সকলেই জানে। যদিও অর্ণব বলেন, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। প্রসঙ্গত, এর আগেও সিঙ্গুরে বেচারাম-ঘনিষ্ঠ এক ঠিকদার তথা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ভিন রাজ্য থেকে।
  • Link to this news (বর্তমান)