• পুজোর আগে সাঁকরাইলে ৪৭টি বেহাল রাস্তা সারাইয়ের উদ্যোগ
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুজোর মুখে সাঁকরাইলের খানাখন্দে ভরা রাস্তাগুলি সারানোর উদ্যোগ নিল প্রশাসন। বর্ষায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির হাল ফেরাতে ইতিমধ্যেই তালিকা চেয়ে পাঠিয়েছে হাওড়া জেলা প্রশাসন। সেইমতো সাঁকরাইল ব্লকের ৪৭টি বেহাল রাস্তার তালিকা জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই ব্লকের বিভিন্ন রাস্তার হাল খারাপ। বর্ষায় টানা বৃষ্টিতে সেই সমস্যা আরও বেড়েছে। রাস্তার একাধিক জায়গায় তৈরি হয়েছে বড়ো বড়ো গর্ত। ফলে যাতায়াত করতে গিয়ে নিত্য সমস্যায় পড়ছেন বাসিন্দারা। বিশেষ করে সাইকেল, বাইক ও টোটোর দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, গর্তে পড়ে কখনও স্কুল পড়ুয়া আহত হচ্ছে, আবার খানাখন্দ এড়াতে গিয়ে টোটো উলটে যাত্রীদের আহত হওয়ার ঘটনাও ঘটছে। প্রশাসনের তালিকায় গুরুত্বপূর্ণ আন্দুল রোডের পাশাপাশি রয়েছে মানিকপুর থানা থেকে সারেঙ্গা পঞ্চায়েত যাওয়ার রাস্তা। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে সাঁকরাইলে জল প্রকল্পের পাইপলাইন বসানোর জন্য রাস্তা খোঁড়া হয়েছিল। সেই কাজ শেষ হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাস্তা সংস্কার হয়নি। বর্তমানে রাস্তার বিভিন্ন অংশে বড়ো বড়ো গর্ত তৈরি হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

    এই বিষয়টি নিয়ে সারেঙ্গার বাসিন্দা দেবী চক্রবর্তী, বিক্রম ঘোষাল বলেন, ‘গোটা রাস্তায় বড়ো বড়ো গর্ত রয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। দ্রুত রাস্তা সংস্কার করার প্রয়োজন রয়েছে।’ ব্লক প্রশাসনের এক কর্তা বলেন, ‘আমরা ইতিমধ্যেই এই ব্লকের ৪৭টি রাস্তার তালিকা জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছি। পুজোর আগেই ওইসব রাস্তা সংস্কার করা হবে।’
  • Link to this news (বর্তমান)