সরকারি বাসে বাংলা-ইংরেজির বদলে শুধুই হিন্দি, ক্ষুব্ধ যাত্রীরা, প্রতিবন্ধী-প্রবীণ আসন খুঁজে পেতে হয়রান
বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুপুর দু’টো ১২ মিনিট নাগাদ রুবি দিয়ে যাচ্ছে এসি-৪৭ নম্বরের বাস। সরকারি বাসটির রুট হল কুঁদঘাট থেকে নিউ টাউনের সাপুরজি। চকচকে গেরুয়া রঙের নতুন বাস। রুবি থেকে সেটিতে উঠলেন বিশেষভাবে সক্ষম দুই সন্তানকে নিয়ে এক মহিলা। ওঠার পর এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলেন শারীরিক প্রতিবন্ধী লেখা আসন কোথায়। তিনি কিছুতেই তা খুঁজে পেলেন না। শেষমেশ কন্ডাক্টর তাঁকে সিট দেখিয়ে দিলেন। সেটির মাথার উপর ‘প্রতিবন্ধী’ বা ‘হ্যান্ডিক্যাপ’ লেখার বদলে রয়েছে হিন্দিতে ‘বিকলাঙ্গ’ লেখা স্টিকার। দেখে মহিলা ক্ষুব্ধ হয়ে বললেন, ‘পশ্চিমবাংলায় চলছে বাস। অথচ লেখা রয়েছে হিন্দিতে। কেন? সবার পক্ষে তো আর হিন্দি জানা সম্ভব নয়। ইংরেজিতে লেখা থাকলে তাও বোঝা যায়। কিন্তু এখানে অনেকেই তো হিন্দি পড়তে পারেন না।’ তিনি একা নন, রাজ্যে সরকারি বাসে বাংলা বা ইংরেজির বদলে হিন্দিতে লেখা বুঝতে না পেরে রীতিমতো অসন্তুষ্ট অন্যান্য বাসযাত্রীরাও।
এটি একদিনের ঘটনা। বাস্তবে নয়া সরকারি বাসে বাংলা-ইংরেজির বদলে হিন্দিতে লেখা নিয়ে যাত্রীদের সঙ্গে কন্ডাক্টারের রোজই বচসা হচ্ছে। সরকারি কাজে বাংলা বাধ্যতামূলক, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি পরিবহণ কি সেই নির্দেশের বাইরে? প্রশ্ন যাত্রীদের।
নিয়ম অনুযায়ী, যে রাজ্যে বাস চলে সেই রাজ্যের প্রধান ভাষা বা বাসিন্দাদের মাতৃভাষাতে সরকারি বাসে সিট নির্দেশক লেখা থাকে। বঙ্গে অনেক জায়গায় ইংরেজি এবং বাংলা দু’টোই থাকে। সেখানে কলকাতার নতুন সরকারি গেরুয়া রঙের এসি বাসে বাংলা বা ইংরেজির চিহ্নমাত্র নেই। সিটের উপর ‘মহিলা’ বা ‘ফিমেল’ লেখা নেই। ‘প্রবীণ নাগরিক’ বা ‘সিনিয়র সিটিজেন’ লেখা থাকছে না। ‘প্রতিবন্ধী’ বা ‘হ্যান্ডিক্যাপ’ লেখা হচ্ছে না। তার বদলে লেখা থাকছে ‘বরিষ্ঠ নাগরিক’, ‘বিকলাঙ্গ’ কিংবা ‘মহিলায়ে’।
যাত্রীদের প্রশ্ন, সকলের পক্ষে হিন্দি বোঝা সম্ভব নয়। বাস চলছে বাংলায়। যেখানে বাংলা ভাষাই প্রধান। তাহলে হিন্দি কেন? কর্ণাটক, তামিলনাড়ু বা বিহারের বাসে কি সিটের উপরে বাংলা লেখা থাকে? প্রয়োজনে তিনটে ভাষাতেই লেখা থাকুক, তাতেও আপত্তি নেই। কিন্তু যেখানে সরকার সমস্ত কাজ বাংলা ভাষায় করার কথা বলছে, সেখানে সরকারি বাসে হিন্দির এই দখলদারি কেন?
জানা গিয়েছে, নতুন যে বাসগুলি এসেছে সেগুলিতে হিন্দিতে লেখা স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। বেশ কিছু পুরনো বাসে আসন-নির্দেশক স্টিকার উঠে যাওয়ার পর হিন্দি স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। পরিবহণ দপ্তর সূত্রে খবর, নয়া নির্মাতার কাছ থেকে বাসগুলি আনা হচ্ছে। সেগুলি ভিনরাজ্যে তৈরি। তৈরির সময় ওই রাজ্যেই হিন্দি স্টিকার লাগানো হয়েছিল। আগামী দিনে এগুলি খুলে ফেলা হবে।