• সিইএসসি’র ডিস্ট্রিবিউশন সেন্টারে আগুন, পুড়ল একাধিক দোকান-ঝুপড়িও
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: রবিবার দুপুরে পানিহাটির বেঙ্গল কেমিকেল বাসস্ট্যান্ড লাগোয়া সিইএসসির ডিস্ট্রিবিউশন সেন্টারে ভয়াবহ আগুন লাগে। বিকট শব্দে বিস্ফোরণের মতো আওয়াজ শোনা যায় বেশ কয়েকবার। এরপর ট্রান্সফর্মারে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। ওই অফিসের পাঁচিল ঘেঁষা সাত-আটটি দোকান ও ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায়। দমকলের ১০টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। দমকল ও পুলিশের তরফে জানানো হয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সিইএসসির বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনায়।  

    বি টি রোডে বেঙ্গল কেমিকেল বাসস্ট্যান্ডের অদূরে সিইএসসির বড়ো ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে। ওই কেন্দ্র থেকে পানিহাটি পুরসভার বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ সরবরাহ হয়। এদিন দুপুর ১টার পর আচমকাই বিস্ফোরণের মতো বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। মুহূর্তে আগুনরে লেলিহান শিখা নজরে আসে। কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। দ্রুত দমকলের পাঁচটি ইঞ্জিন ও খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অফিসের একটি ঘেরা জায়গায় ছিল বিশালাকার ট্রান্সফর্মারটি। প্রথমে বড়ো গেট দিয়ে ভিতরে ঢুকতেই পারেননি দমকলকর্মীরা। ফলে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। পরে পুলিশের উদ্যোগে দু’টি জেসিবি এনে গেট ভেঙে ফেলা হয়। এরপর সরসারি ট্রান্সফর্মারে জল ও ফোম দেওয়া সম্ভব হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু বিকাল সাড়ে ৪টার পর ওই সেন্টারের উপরের তলগুলির একাধিক এসিতে নতুন করে আগুন লাগে। দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণে বি টি রোডে কিছু সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয় পুলিশকে। পানিহাটি পুরসভার বিস্তীর্ণ অংশে ঘন্টা দু’য়েক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। বিকল্প ব্যবস্থা করে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সিইএসসি। দমকলের আধিকারিক দীপককুমার চট্টোপাধ্যায় বলেন, ‘এই ডিস্ট্রিবিউশন সেন্টারের ট্রান্সফর্মারটির তেল ধারণক্ষমতা ২৫ কিলোলিটার। সর্বশেষ রিডিং অনুযায়ী প্রায় ১০ কিলোলিটার তেল ছিল। তেলে আগুন লাগায় প্রথমে আগুন ভয়াবহ হয়েছিল। ফোম ও জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নেভানোর কাজ শেষ হওয়ার পর আমরা জায়গাটি ভালোভাবে সার্চ করব। কীভাবে আগুন লেগেছে, তা এখনই বলা সম্ভব নয়। নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা কাজ করেছে কি না, তাও খতিয়ে দেখা হবে। ঘটনাস্থলে এসে বারাকপুরের পুলিশ কমিশনার অমিত কুমার সিং বলেন, ‘শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে নাকি ট্রান্সফর্মারের ভিতরে কোনো সমস্যা ছিল, খতিয়ে দেখা হবে। হতাহতের কোনো খবর নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
  • Link to this news (বর্তমান)