• রেজিনগর নিয়ে বামফ্রন্টে ফাটল, সিপিএমের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল আরএসপি
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেজিনগর নিয়ে জট তো কাটলই না, উলটে আরও গভীর হল। রবিবার বামফ্রন্টের বৈঠকের পর ওই কেন্দ্রে শরিক দল আরএসপি প্রার্থী ঘোষণা করল।  শনিবার সন্ধ্যায় বামফ্রন্টের তরফে নন্দীগ্রাম ও রেজিনগর আসনের উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল। বিবৃতি দিয়ে বলা হয়েছিল, নন্দীগ্রামে সিপিআই ও রেজিনগরে সিপিএম লড়াই করবে। রেজিনগরে সিপিএমের প্রার্থী হয়েছেন আইনজীবী সইদ আসাদ আলি। এদিকে, এদিন বামফ্রন্টের বৈঠকে শরিক দল আরএসপি ক্ষোভ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, রেজিনগর আসনটিতে বরাবরই তারা লড়াই করে আসছে। ফলত, ওই আসনটিতে তারা লড়াই করতে চেয়েছিলেন। 

    এদিনের বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু উপস্থিত ছিলেন। সিপিএমের তরফে ছিলেন সুজন চক্রবর্তী ও শ্রীদীপ ভট্টাচার্য। আরএসপির রাজ্য সম্পাদক তপন হোড় ও অন্যান্য নেতৃত্বও উপস্থিত ছিলেন।  তপনবাবু বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। কিন্তু রবিবার বামফ্রন্টের বৈঠকের আগেই সিপিএম একতরফাভাবে রেজিনগরে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি। আমরা কেন রেজিনগরে লড়াই করতে চাই, তাও বলেছি।’ বৈঠক শেষে ওই কেন্দ্রে প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। তপনবাবু জানান, রেজিনগরে আরএসপির প্রার্থী বিকাশ চন্দ্র মিশ্র। এই বিষয়ে সিপিএম নেতৃত্ব মন্তব্য করতে চাননি। তবে আরএসপির প্রার্থী দেওয়া আলিমুদ্দিন ভালো চোখে দেখছে না বলেই খবর।
  • Link to this news (বর্তমান)