নিজস্ব প্রতিনিধি, বারাসত: তৃণমূলের ‘দাগি’ নেতাদের বিজেপিতে জায়গা নয়। দল বদলে অতীতের তোলাবাজি, দুর্নীতির অভিযোগ মুছে যাবে না। রবিবার দুপুরে দেগঙ্গায় এসে এমনই বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এই পর্বে মন্ত্রীর সংযোজন, যিনি দলে আনবেন, আর যিনি আসবেন, দুজনকেই জেলে পাঠানো হবে।
রবিবার দেগঙ্গার বেড়াচাঁপা ব্যবসায়ী সমিতির তৃতীয় বর্ষের গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে একের পর এক বিষয়ে মুখ খোলেন দিলীপ। তৃণমূল থেকে বিজেপিতে আসার চেষ্টা নিয়েই তাঁর বক্তব্যে ছিল সবচেয়ে বেশি কড়া সুর। তাঁর কথায়, পিছনের দরজা দিয়ে অনেকে দল বদলে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন। শুধু রাজনৈতিক রং বদলালেই অতীতের হিসাব মুছে যাবে না। তৃণমূলের আমলে যাঁরা তোলাবাজি বা দুর্নীতিতে জড়িত ছিলেন বিজেপিতে তাঁদের নেওয়া হবে না। কারণ, পরিবর্তনের জন্য মানুষ অনেক ঝুঁকি নিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছেন।
পাশাপাশি বিজেপি নেতার বক্তব্য, চোরেদের যাঁরা আশ্রয় দেবেন, তাঁদের চোরেদের মতোই ট্রিটমেন্ট করা হবে। দিলীপের এই মন্তব্যকে কার্যত দলের স্থানীয় নেতৃত্বের প্রতিও সতর্কবার্তা বলে মনে করছেন অনেকে। তোলাবাজি নিয়েও সরব দিলীপ। তিনি বলেন, সমস্ত তোলাবাজি বন্ধ করতে হবে। কেউ তোলা বা কোনোরকম বেআইনি টাকা কাউকেই দেবেন না। দিলীপের দাবি, এতদিনের দুর্নীতির রাতারাতি সমাধান সম্ভব নয়। তবে অভিযোগ পেলে কাউকেই ছাড়া হবে না।
এদিকে দেগঙ্গার পুরানো অশান্তির প্রসঙ্গ টেনে কড়া বার্তা দিলীপের, দেগঙ্গায় আর অশান্তি হতে দেব না। কেউ তা করতে চাইলে তাকে আইনের মার খেতে হবে, নিশ্চিত থাকুন।