নিজস্ব প্রতিনিধি, বারাসত: মামার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী। জানা গিয়েছে, শনিবার বিকেলে এক বান্ধবীর ফোন পেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর রাতে তাকে উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে, পানীয়ের সঙ্গে কোনো ওষুধ মিশিয়ে তাকে প্রথমে বেহুঁশ করা হয়। এরপরে একটি বাগান বাড়িতে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় জয় পাল এবং দেবব্রত মল্লিক নামে দু’জনকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। রবিবার তাদের বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কিশোরীকে মারাত্মক অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে সে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি। সেখানে তার অস্ত্রোপচার হয়েছে। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করেই কিশোরীকে ওই বাগানবাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।
ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনা নিয়ে হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল বলেন, নিশ্চিত ভাবে ওই পরিবার ন্যায়বিচার পাবে।