• দেগঙ্গায় ক্লাবের টাকা তছরুপ, কাঠগড়ায় তৃণমূলের উপপ্রধান
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার ক্লাবের টাকা ‘গায়েব’ করার অভিযোগ উঠল তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে! এনিয়ে অভিযোগ দায়ের হল থানায়। ঘটনাটি দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের গোঁসাইপুর এলাকার। উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী সহ তিনজনের নামে অভিযোগ দায়ের হলেও অধরা অভিযুক্তরা।

    অভিযোগ, গোঁসাইপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি ক্লাবের সভাপতির দায়িত্ব সামলেছিলেন তৃণমূল নেতা হুমায়ুন রেজা চৌধুরী। তখন ক্লাবের বিভিন্ন খাতের টাকা ঠিকমতো হিসাব করা হয়নি। এখন উন্নয়নের টাকা থেকে গাছ বিক্রির অর্থ, এমনকী ক্লাব সংলগ্ন হাট থেকে আদায় করা টাকারও হিসাব মিলছে না। ক্লাবের সদস্যদের একাংশের দাবি, প্রায় ১৪ লক্ষ টাকা কোথায় গেল, তার কোনো হিসাব নেই। বারবার হিসাব চাওয়া হলেও তা দেওয়া হয়নি। উল্টে হিসাব চাইতে গিয়ে হুমকির মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ তাঁদের। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিক্ষোভকারী আজিজুল রহমান এবং জিয়াউল মল্লিক বলেন, ক্লাবের বিভিন্ন টাকা, হাটের টাকা নয়ছয় করা হয়েছে। তৃণমূল নেতা হুমায়ন রেজা ও তাঁর শাগরেদরা এই টাকা আত্মসাৎ করেছেন। আমরা এর বিচার চাই। অভিযোগকারীদের আরও দাবি, অভিযুক্তদের সঙ্গে তৃণমূলের রাজনৈতিক যোগাযোগ রয়েছে। সেই প্রভাবেই এতদিন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। ঘটনার তদন্ত করে ক্লাবের সমস্ত আয়-ব্যয়ের হিসাব প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন সদস্যেরা। এনিয়ে হুমায়ুন রেজা চৌধুরী বলেন, ক্লাবে এত টাকা কখনই থাকে না। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)