নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গড়িয়া সংলগ্ন পদ্মশ্রীর কাছে রাস্তায় রবিবার সকালে আচমকাই ধস নামে। তার ফলে গড়িয়া থেকে যাদবপুরগামী বাস বন্ধ রাখতে হয় এদিন। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ আচমকাই একটি কাপড়ের দোকানের সামনে রাস্তার একাংশ বসে যায়। কিছুক্ষণের মধ্যেই মেরামতির কাজ শুরু করে কলকাতা পুরসভা। আধিকারিকরা জানাচ্ছেন, ভূগর্ভস্থ নিকাশির পাইপে ফাটল ধরেছে। সেখান দিয়ে জল বেরতে শুরু করায় রাস্তার ওই অংশের মাটি সরে যায়। সেই কারণেই ধস। দিন দু’য়েকের মধ্যে জায়গাটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বলে জানান তাঁরা। এদিন দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হওয়ায় মেরামতির কাজ ব্যাহত হয়। এদিকে, এই কারণে গড়িয়া থেকে হাওড়াগামী সমস্ত সরকারি বাস টালিগঞ্জ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। বেসরকারি বাসও ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারেনি। রবিবার থাকার কারণে ওই ব্যস্ত রাস্তায় এদিন যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। নিজস্ব চিত্র