• প্লাটফর্মেই পড়েছিল সোনার অলঙ্কার সহ ট্রলি ব্যাগ! উদ্ধার করে যাত্রীকে ফিরিয়ে দিল জিআরপি
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রেনে ওঠার ঠিক আগের মুহূর্তে প্লাটফর্মেই ফেলে গিয়েছিল বহু মূল্যবান সোনার অলঙ্কার-সহ একটি ট্রলি ব্যাগ। ট্রেনে চাপতেই খেয়াল আসে সেই ব্যাগগুলি ওখানেই পড়ে আছে। কার্যত মাথায় হাত পড়ে যায় তাঁদের। এমন সময় ফেলে যাওয়া সোনার অলঙ্কার-সহ ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল হাওড়া জিআরপি থানার টিম। রেল পুলিশের তৎপরতায় মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে স্বস্তি পেলেন ওই যাত্রী ও তাঁর পরিবার।

    জানা গিয়েছে, গতকাল রাতে আসিফ আলম নামক এক যাত্রী তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাঁচি যাওয়ার জন্য হাওড়া স্টেশনে পৌঁছন। তাঁদের নির্ধারিত ট্রেন ছিল আপ ক্রিয়া যোগ এক্সপ্রেস। ট্রেন ধরার তাড়ায় তাঁদের ট্রলি ব্যাগ সহ সোনার অলঙ্কার ভর্তি ব্যাগটি প্লাটফর্মেই ফেলে চলে যান। ট্রেনে ওঠার পর কিছুক্ষণের মধ্যেই তাঁরা বুঝতে পারেন, সেগুলি সেখানেই পড়ে রয়েছে। ওই হ্যান্ডব্যাগের ভিতরে প্রায় ৪০ গ্রাম ওজনের সোনার অলঙ্কার-সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী ছিল বলে জানা যায়। বিষয়টি নজরে আসার পরই ব্যাগ উদ্ধারে তৎপর হয় হাওড়া জিআরপি। ডিউটিতে থাকা নাইট অফিসার এএসআই গোপাল জানা এবং তাঁর টিম তল্লাশি চালিয়ে স্টেশন থেকে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করেন। পরে যথাযথ যাচাই-বাছাই ও মালিকানার প্রমাণ পরীক্ষা করার পর ব্যাগটি আসল মালিক আসিফ আলমের হাতে তুলে দেল রেল পুলিশের আধিকারিকরা। জিআরপির দ্রুত পদক্ষেপ ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন যাত্রী ও তাঁর পরিবারের সদস্যরা। মূল্যবান সোনার অলঙ্কার-সহ ব্যাগ ফিরে পেয়ে তাঁদের মুখে স্বস্তির হাসি দেখা যায়।
  • Link to this news (বর্তমান)