• ঘণ্টায় ৩৬০ কিলোমিটার ছোটা ট্রেন Ivolga FG এ বার ভারতে? বড় প্রস্তাব রাশিয়ার
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • গত কয়েক বছরে হাই স্পিড ট্রেনের ক্ষেত্রে ভারত একের পরে এক ধাপ পার করেছে। বন্দে ভারত থেকে বুলেট ট্রেন প্রকল্প, গণপরিবহণে ভারতের ঝুলিতে এখন শুধুই সাফল্য। এরই মধ্যে নয়া প্রস্তাব রাশিয়ার। ভারতের জন্য ‘Ivolga FG’ হাই স্পিড ট্রেনের প্রস্তাব দিয়েছে তারা। ঘণ্টায় সর্বোচ্চ ৩৬০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই ট্রেন ভারতীয় হাই স্পিড রেল পরিষেবার সম্ভাব্য বিকল্প হিসেবে প্রস্তাবে তুলে ধরা হয়েছে। রাশিয়ার রোলিং স্টক নির্মাতা সংস্থা Transmashholding (TMH) ভারতের মাটিতে যৌথ ভাবে এই ট্রেন তৈরি করতে চায়। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত INNOPROM.India ইভেন্ট চলাকালীন TMH এ সংক্রান্ত প্রেজ়েন্টেশন উপস্থাপন করে। বিদেশের মাটি থেকে ভারতে ট্রেন আনা নয়, বরং ভারতেই উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয় রয়েছে রাশিয়ার দেওয়া প্রস্তাবে।

    Ivolga FG কনসেপ্টে তৈরি ট্রেনের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৩৬০ কিলোমিটার। সাধারণত ৮টি কামরা থাকে এই ট্রেনে। ৬০০-এর উপরে যাত্রী নিয়ে যাতায়াত করতে পারে। রাশিয়ার ওই সংস্থার তথ্য বলছে, বড়সড় কোনও সমস্যা ছাড়াই টানা ৩০ বছর এই ট্রেন চলাচল করতে পারবে। TMH ভারতের সঙ্গে যৌথ ভাবে হাই স্পিড রেল প্রযুক্তি নিয়ে গবেষণা ও কাজ করতে চায়। সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো, ভারতে উৎপাদনের ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশই লোকাল ম্যানুফ্যাকচারিংয়ের টার্গেট নেওয়া হয়েছে। অর্থাৎ, দেশীয়করণ এ ক্ষেত্রে প্রাধান্য পাবে।

    রাশিয়ার TMH-এর ভারতীয় রেল ব্যবস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে। ভারতের রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) ও TMH-এর যৌথ উদ্যোগ কিনেট রেলওয়ে সলিউশনস (Kinet Railway Solutions) ইতিমধ্যেই ভারতের বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির কাজে যুক্ত। কিনেট রেলওয়ে সলিউশনস বন্দে ভারত স্লিপার তৈরি ও দেখভালের কাজের সঙ্গে যুক্ত।

    এই আবহে ‘Ivolga FG’ নিয়ে রাশিয়ার প্রস্তাব ভারতের হাই স্পিড রেলের ক্ষেত্রে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে। তবে এ প্রস্তাবের বাস্তবায়ন বেশ কিছু বিষয়ের উপরে নির্ভর করবে। বিশেষ করে প্রযুক্তিগত ও বাণিজ্যিক পরীক্ষায় পাশ করতে হবে সবার আগে। তার পরেই ঠিক হবে ভারতে ‘Ivolga FG’র ভবিষ্যৎ।

  • Link to this news (এই সময়)