• কিক বক্সিংয়ে রুপো ও ব্রোঞ্জ জয় ঝাড়গ্রামের
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, ঝাড়গ্রাম: অনূর্ধ্ব-১৫ সুব্রত কাপ ফাইনালে দেশের সেরা হয়েছে ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্ররা। এরই মধ্যে জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপও সাফল্য পেয়েছে ঝাড়গ্রামের ছেলেরা।

    ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ (সিনিয়র ও মাস্টার্স)-২০২৬ প্রতিযোগিতায় রুপো ও ব্রোঞ্জ পদক জয় করেছে ঝাড়গ্রামের দুই যুবক। মধ্যপ্রদেশের ইন্দোরে ৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চার দিন ধরে এমেচার কিক বক্সিং অ্যাসোসিয়েশন অফ মধ্যপ্রদেশের ব্যবস্থাপনায় ওয়াকো ইন্ডিয়া কিক বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল।

    এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিক বিভাগে ২২ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কিক বক্সিং স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে মানস পাল, দেবপর্ণ পাণিক রাই, নির্মল মাহাতো, ত্রিলোকনাথ চক্রবর্তী এই চারজন অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। মানস ফুল কনট্যাক্টে রুপো এবং দেবপর্ণ লো কিকে ব্রোঞ্জ পদক জয়লাভকরেন। বক্সিংয়ের অন্য বিভাগে নির্মল মাহাতো নবম এবং ত্রিলোকনাথ চক্রবর্তী পঞ্চম স্থান অধিকার করেছে।

    ঝাড়গ্রাম অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ রায়চৌধুরী বলেন, 'জেলায় প্রতিযোগীরা ভালো খেলে বাংলার মুখ উজ্জ্বল করেছে। আমরা চাইবো আগামী দিনে আরও ভালো ফলাফল হোক।' ১৫ই সেপ্টেম্বর মধ্যপ্রদেশ থেকে ঝাড়গ্রামে ফিরার কথা তাঁরের। তাঁদের অভ্যর্থনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

  • Link to this news (এই সময়)