Big Breaking: হাবরা থানার ব্যারাক থেকে উদ্ধার পুলিশ অফিসারের ঝুলন্ত দেহ। মৃতের নাম বিশ্বনাথ সেন,বয়স ৫৭। তিনি বারাসত জেলা পুলিশের অধীনে হাবরা থানায় এসআই পদে কর্মরত ছিলেন। সোমবার তাঁর বারাসত আদালতে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে থানা চত্বরে তাঁকে খুঁজে পাচ্ছিলেন না সহকর্মীরা। সেই সময়ে তাঁর মোবাইলে ফোন করা হয়, তারপরেও কোনও সাড়াশব্দ মেলেনি। তখনই শুরু হয় খোঁজাখুঁজি।
সূত্রের খবর, সহকর্মীরা ব্যারাকে পৌঁছন। দরজা বন্ধ থাকায় সন্দেহ তৈরি হয়। পরে দরজা ভেঙে ফেলেন তাঁরা। তখনই ঘরের ভিতর থেকে বিশ্বনাথ সেনের ঝুলন্ত দেহ উদ্ধার করেন সহকর্মীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘরের জানালার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান সহকর্মীরা। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ। বারাসত মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। পুলিশ অফিসারের এই রহস্যমৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।