মদের আসরে দুই বন্ধুর মধ্যে বচসা। তার জেরে এক বন্ধুর মাথায় হাতুড়ি মেরে খুনের অভিযোগ তাঁর সঙ্গী বিরুদ্ধে। পানিহাটিতে রবিবার গভীর রাতে ওই ঘটনা ঘটেছে। সোমবার সকালে ঘটনা প্রকাশ্যে এলে এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমে ইতিমধ্যেই অভিযুক্ত বন্ধু আশিস বন্দ্যোপাধ্যায় ওরফে বাপিকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, নিহতের নাম বাবু ঘোষ। তিনি পেশায় রংমিস্ত্রি। ঠিক কী কারণে খুন তা তদন্ত করে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, পানিহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সুখচর ডক্টর গোপাল চ্যাটার্জি রোড এলাকার বাসিন্দা বাবু। প্রায় প্রতিদিনই সন্ধের পরে বন্ধু আশিসের সঙ্গে বসে মদ্যপান করতেন বাবু। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দিনই মদের আসরে দুই বন্ধুর নানা বিষয় নিয়ে ঝগড়া-অশান্তি হতো। চড়া গলায় দুই বন্ধু অশান্তি করতেন।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতেও মদের আসরে দুই বন্ধুর মধ্যে তেমনই অশান্তি হয়। অভিযোগ, অশান্তি চলাকালীনই একটি হাতুড়ি দিয়ে বাবুর মাথায় আঘাত করেন বাপি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, এই ঘটনার পরে নিজেই থানায় গিয়ে সমস্ত ঘটনা জানান বাপি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।। অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে বচসা শুরু হয়েছিল, খুনের ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় এমন ঘটনায় আতঙ্কে স্থানীয়রা।