• BJP-তে কি যোগ দিচ্ছেন NCPI-এর ১৭ জন MP? জগদীশের দাবির দায় কেউ নিচ্ছেন না
    আজ তক | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ জন সংখ্যালঘু সাংসদকে বাদ দিয়ে ১৭ জন NCPI যোগ দিতে চলেছেন BJP-তে। এমনই দাবি করলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পুজোর আগে কিংবা পরেই NCPI-এর ১৭ জন সাংসদ যোগ দেবেন BJP-তে। তবে খলিলুর রহমান, আবু তাহের এবং ইউসুফ পাঠান BJP-তে সরাসরি যোগ দেবেন না। কিন্তু তাঁরা NDA-কেই সমর্থন জানাবেন। তাঁদের জন্য আলাদা দায়িত্বও প্রস্তুত। যদিও জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার মন্তব্যে সিলমোহর দিলেন না NCPI-এর অপর এক সাংসদ। 

    ঠিক কী দাবি জগদীশের? 
    জগদীশ বসুনিয়া বলেন, '৩ জন সংখ্যালঘু সাংসদকে বাদ দিয়েই NCPI-এর বাকি ১৭ জন সাংসদ যাচ্ছেন BJP-তে। আবু তাহের, খলিলুরদের বিভিন্ন দফতর দেওয়া হবে, তাঁরাও NDA-কে সমর্থন করবেন। ওঁদের এলাকা সংখ্যালঘু, তাই ওঁরা সরাসরি BJP-তে যাবেন না। কিছু সমস্যা আছে।' একইসঙ্গে দলত্যাগ বিরোধী আইনের প্রসঙ্গ টেনে বলেন, '২০ জনের থেকে ১৪ জন গেলেই তো দুই-তৃতীয়াংশ প্রমাণ হচ্ছে। আমরা তো ১৭ জন আছি। ফলে দলবিরোধী আইনে পড়ব না।'

    একমত নন সতীর্থরা 
    এদিকে, তৃণমূল কংগ্রেসের অপর বিদ্রোহী সাংসদ বাঁকুড়ার অরূপ চক্রবর্তীও গিয়েছিলেন NCPI-তে। তিনি অবশ্য জগদীশের মন্তব্যে সিলমোহর ফেললেন না। বরং তিনি bangla.aajtak.in-কে জানালেন, এখনও পর্যন্ত এমন কোনও সিদ্ধান্ত হয়নি। সর্বোপরি অরূপের সাফ বক্তব্য, 'জগদীপ চন্দ্র বর্মা বসুনিয়ার মন্তব্য সম্পূর্ণ তাঁর নিজের। এই দাবির দায় কারও নয়।' 

    যদিও জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ওই সাক্ষাৎকারে এ-ও জানিয়েছেন, তৃণমূলের বিদ্রোহী সাংসদরা প্রথমে BJP-তেই যোগ দিতে চেয়েছিলেন কিন্তু দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচাতে BJP-ই তাদের অনামী, চিহ্নিত না হওয়া NCPI দলের সাংসদ হিসেবে সই করায়।  

    তবে bangla.aajtak.in-কে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, 'এ বিষয়ে আমার কিছু জানা নেই। ওঁর (জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া) দাবির দায় সম্পূর্ণ ওঁর নিজের।' একই সুরে আবু তাহের সংবাদমাধ্যমে বলেন, 'আমরা NDA-র শরিক কখনওই হব না। প্রয়োজনে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা বৈঠক করতে পারি। তবে BJP-তে যোগদানের বিষয়ে আমার জানা নেই। এই বিষয়ে যা বলার সুদীপদা বলবেন।'
     

     
  • Link to this news (আজ তক)