• প্রাপ্তবয়স্ক ছবির নায়িকার পোস্ট করা ভিডিয়োয় ফের ভাইরাল রাউরকেলা সার্কিট হাউস, আগ্নেয়াস্ত্র উদ্ধারের পরে এ বার নয়া বিতর্ক
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ওডিশার রাউরকেলার সরকারি সার্কিট হাউস ঘিরে ফের বিতর্ক। কিছুদিন আগেই ওই সরকারি অতিথিশালা থেকে অস্ত্র-সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার কয়েক সপ্তাহের মধ্যেই এ বার এক অ্যাডাল্ট ওয়েব সিরিজ় অর্থাৎ প্রাপ্তবয়স্ক সিনেমার অভিনেত্রীর সেখানে রাত কাটানোর ভিডিয়ো প্রকাশ্যে আসায় উঠছে একাধিক প্রশ্ন। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় সার্কিট হাউসের ভিডিয়ো পোস্ট করতেই তুঙ্গে বিতর্ক। এই ‘হাই সিকিউরিটি’ জ়োনে ভিআইপি সুবিধা কী ভাবে পেলেন ওই অভিনেত্রী, কী ভাবে তারজন্য সার্কিট হাউসে ঘর বরাদ্দ হলো, কে সেই ব্যবস্থা করেছিলেন এবং আদৌ নিয়ম মেনে বুকিং হয়েছিল কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।

    উদ্বোধনের বছরখানেক কাটতে না কাটতেই বিতর্কের কেন্দ্রে রাউরকেলা সার্কিট হাউস। জানা গিয়েছে, গত বছরের ১ ডিসেম্বর রাউরকেলায় এসেছিলেন ওই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিয়োয় তাঁকে ঝাড়সুগুড়া বিমানবন্দর থেকে রাউরকেলা যাওয়ার পথের অভিজ্ঞতা বলতে দেখা যায়। ভিডিয়োয় তিনি দাবি করেন, যেখানে প্রশাসনের শুধু শীর্ষ কর্মকর্তারাই থাকতে পারেন, সেখানে ‘VIP’ আতিথেয়তা পেয়েছেন তিনি। এমনকী অভিনেত্রীর কথায়, একটি সংস্থার মালিক বা CEO নিজে অডি গাড়ি নিয়ে তাঁকে বিমানবন্দর থেকে নিতে এসেছিলেন। যদিও ওই ব্যক্তির নাম অভিনেত্রী জানাননি। পুলিশের তদন্তেও জানা গিয়েছে, রাউরকেলার একটি বেসরকারি সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিকের অনুরোধে স্থানীয় এক ট্রাভেল অপারেটর বিলাসবহুল গাড়ির ব্যবস্থা করেছিলেন।

    শুধু তাই নয়, ভিডিয়োয় অভিনেত্রী নিজেই রাউরকেলা সার্কিট হাউসের ভিতরের অংশ দেখিয়ে জানান, তিনি সেখানে থাকবেন। তাঁর দাবি ছিল, সাধারণত শীর্ষ সরকারি আধিকারিকরাই এই ধরনের সরকারি অতিথিশালায় থাকার সুযোগ পান। এমনকী, যাঁদের আমন্ত্রণে তিনি রাউরকেলায় এসেছেন, তাঁরা ‘ছোট কেউ নন’ বলেও ভিডিয়োয় মন্তব্য করতে শোনা যায় অভিনেত্রীকে। তিনি আরও দাবি করেছিলেন, সেখানে তাঁর SP এবং তাঁর ছেলের সঙ্গে দেখা করার কথা রয়েছে। এই বক্তব্যেই আরও তীব্র হয়েছে সমালোচনার ঝড়।

    অ্যাডাল্ট ফিল্মের জন্য জনপ্রিয় ওই অভিনেত্রীর দাবি, তিনি রাউরকেলায় একটি শুটিং প্রজেক্টের কাজে এসেছিলেন এবং সেটি তাঁর জীবনের ‘সবচেয়ে বড় প্রজেক্ট’। তবে পুলিশ সেই দাবিও যাচাই করছে। ঠিক কোন সংস্থার ডাকে রাউরকেলা এসেছিলেন অভিনেত্রী এবং সেই সংস্থার তরফেই কি সার্কিট হাউসে থাকার ব্যবস্থা করা হয়েছিল? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    এই ঘটনায় ইতিমধ্যেই অন্তত তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত এক SP পদমর্যাদার আধিকারিকের ছেলে। অভিনেত্রীর জন্য ঘর বুক করার ব্যবস্থা করে দেওয়ার সঙ্গে তাঁদের যোগ থাকার অভিযোগ উঠেছে। এ ছাড়া স্থানীয় ট্রাভেল অপারেটর এবং বিলাসবহুল গাড়ির মালিকের ভূমিকাও তদন্তের আওতায় রয়েছে। জিজ্ঞাসাবাদের পরে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    প্রশাসনিক নিয়ম অনুযায়ী, সার্কিট হাউসে সাধারণত মন্ত্রী, বিধায়ক, উচ্চপদস্থ সরকারি আধিকারিক, অনুমোদিত সাংবাদিক এবং অন্যান্য নির্দিষ্ট অতিথিদেরই থাকার অনুমতি দেওয়া হয়। ফলে কোনও বেসরকারি আমন্ত্রণে আসা অভিনেত্রীর জন্য কী প্রক্রিয়ায় ঘর বরাদ্দ করা হয়েছিল, সেটিই এখন তদন্তের মূল বিষয়। পানোশ সাব-কলেক্টরের দপ্তর থেকেও বুকিং, ঘর বরাদ্দ এবং অতিথিদের নথি সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে।

    উল্লেখ্য, এর আগেও এই সার্কিট হাউস নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছিল। অগস্টে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র-সহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় বিজেপি নেতা প্রকাশ পাসওয়ানের নামও সামনে আসে এবং পরে তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার অভিনেত্রীর ভিডিয়ো ঘিরে নতুন করে প্রশ্নের মুখে পড়ল রাউরকেলার এই সরকারি অতিথিশালা।

  • Link to this news (এই সময়)