• নতুন করে সংঘাত শুরু হবে মণিপুরে, চার জন খুন হওয়ার পরেই সতর্ক করল কুকিদের সংগঠন
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • নতুন করে অশান্ত হচ্ছে মণিপুর। সেখানকার পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছে কুকি উপজাতি সংগঠন।

    তামেংলং জেলায় কুকি অধ্যুষিত দু'টি গ্রামে পৃথক হামলায় মৃত্যু হয়েছে চারজন গ্রামবাসীর। তাঁদের মধ্যে দু'জন মহিলা। সশস্ত্র নাগা সম্প্রদায়ের লোকজন এই হামলা চালায় বলে অভিযোগ। এর পরেই সতর্ক করল কুকিদের সংগঠন। মণিপুরে ফের ‘পূর্ণাঙ্গ সংঘাত’ শুরু হতে পারে বলে আশঙ্কা করেছে কুকি-জ়ো কাউন্সিল।

    রবিবার, কয়েক ঘণ্টার ব্যবধানে হামলা চালানো হয় তামেংলং (Tamenglong) জেলার তোলেন এবং লংপি গ্রামে। হামলা চালানো হয় নোনে (Noney) জেলাতেও। ওই হামলায় দুই মহিলা-সহ মৃত্যু হয়েছে চার জনের। আহত হয়েছে এক শিশু-সহ কয়েক জন। কারা এই হামলা চালায় তা এখনও স্পষ্ট নয়। তবে নাগাদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে কুকিদের সংগঠন। এই নিয়ে সতর্ক-ও করেছে কুকি-জ়ো কাউন্সিল (Kuki-Zo Council)। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠীগুলির কার্যকলাপ অব্যাহত থাকায় তা সাধারণ মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

    সোমবার এই নিয়ে সতর্ক করে কুকিদের সংগঠন। চলতি বছরে, এখনও পর্যন্ত, নাগাদের হামলায় কুকি-জ়ো সম্প্রদায়ের ২২ জনকে হত্যা করা হয়েছে বলে তাদের দাবি। নাগা এবং কুকিদের মধ্যে চলা সংঘাত থামাতে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাদের। ওই সংগঠনের দাবি, এই সংঘর্ষ থামাতে রাজনৈতিক অনীহাও পরিলক্ষিত হচ্ছে। তা মণিপুর রাজ্যকে আরও একটি পূর্ণাঙ্গ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা করেছে কুকি-জ়ো কাউন্সিল। তা শুরুর আগেই সেই রাজ্যের সরকারকে কড়া পদক্ষেপ করার দাবিও জানিয়েছে এই সংগঠন।

    যে ভাবে রবিবার রাতে কয়েক ঘণ্টার ব্যববানে এই হামলা চালানো হয়েছে তার কড়া নিন্দা করেছেন কুকি সম্প্রদায়ের তিনজন বিধায়কও। যে রাজ্যে কুকি সম্প্রদায়ের লোকজন যাতে নির্ভয়ে বাস করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন সাইতুর বিধায়ক হাওখোলেট কিপগেন (Saitu MLA Haokholet Kipgen)।

    অন্য দিকে, এই হামলার ঘটনার নিন্দা করেছেন মণিপুরের স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দদাস কনথৌজাম (Govindas Konthoujam)-ও। এই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ করার জন্য পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গেই কোনও মতেই মণিপুরের শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।  

  • Link to this news (এই সময়)